কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। এক বছর আগে ওই বেড়িবাঁধের নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও অর্ধেক কাজ এখনো বাকি।
এলাকাবাসীর অভিযোগ, বাঁধ নির্মাণের জন্য পূর্ব পাশের চর এলাকা থেকে মাটি নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হচ্ছে বাঁধের পাশের জায়গা থেকে। এতে বাঁধের গোড়ার মাটি সরে গিয়ে তা অল্প সময়ের মধ্যে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আবারও হুমকির মুখে পড়বে শতাধিক পরিবার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার ঝুঁকিপূর্ণ ৪১৪ মিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। তিন কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে বেড়িবাঁধটির নির্মাণকাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কার্যাদেশ মতে, মাটি, বালু, জিও টেক্সটাইল ও বাঁঁধের ওপর ব্লক বসানোর কথা। আরও শর্ত ছিল, ২০১২ সালের ২৩ জানুয়ারি কাজ শুরু করে এক বছরের মধ্যে তা শেষ করতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের এক বছর পার হলেও অর্ধেক কাজও শেষ হয়নি।
৭ জানুয়ারি সরেজমিন দেখা গেছে, বাঁধের ওপর মাটি ও ব্লক বসানোর কাজ করছেন শ্রমিকেরা। কাজ তদারক করছেন পাউবো নিয়োজিত কার্যসহকারী আবুল হাসেম। এ সময় শ্রমিকেরা পাশের জমি থেকে মাটি নিয়ে বাঁধের ওপর ফেলছিলেন। এতে যেকোনো মুহূর্তে তা ধসে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীসহ জনপ্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফারুক মিয়া অভিযোগ করেন, ঠিকাদারের অবহেলার কারণে এক বছরের কাজ দুই বছরেও শেষ হয়নি।
মাঝখানে আট মাস বন্ধ থাকার পর দুই সপ্তাহ আগে নির্মাণকাজ শুরু হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগে কাজ শেষ হবে কি না, সন্দেহ রয়েছে।
ব্লক বসানোর কাজে নিয়োজিত শ্রমিক মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ঠিকাদার যথাসময়ে টাকা না দেওয়ায় শ্রমিকেরা কাজ করতে চান না। এ কারণে নির্মাণকাজ শেষ করতে দেরি হচ্ছে।
রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ লেদু বলেন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট ও রাঙ্গাখালীর বিভিন্ন স্থানে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কিন্তু যথাসময়ে নির্মাণকাজ শেষ না হলে এলাকার শতাধিক পরিবার ও চারটি মসজিদ হুমকির মুখে পড়বে।
মাতারবাড়ির ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঁধ নির্মাণে নানা অনিয়ম হলেও তা দেখার কেউ নেই।
এ নিয়ে মুঠোফোনে জানতে চাইলে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, কাজে কোনো অনিয়ম হচ্ছে না। তবে অর্থের অভাবে যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে পুরোদমে কাজ চলছে।
এ প্রসঙ্গে পাউবোর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। তাঁরা জুন পর্যন্ত সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।