চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ১৫ জুন থেকে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। তবে উপজেলায় নির্বাচন কর্মকর্তা না থাকায় এতে ব্যাঘাত ঘটতে পারে বলে সংশয় প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাচন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের দেওয়া তথ্য মতে, ফটিকছড়ি উপজেলার বর্তমান জনসংখ্যা সাড়ে ছয় লাখ। ভোটার সংখ্যা তিন লাখ ২৬ হাজার ৬৮৪ জন। অপেক্ষমাণ ভোটার প্রায় ৩০ হাজার। গত ১৫ মে থেকে প্রথম ধাপে সারা দেশে ১৮২টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে ফটিকছড়িতে আগামী ১৫ জুন শুরু হবে। কিন্তু নির্বাচন কর্মকর্তা না থাকায় নির্ধারিত সময়ে ভোটার তালিকা হালনাগাদ হবে কিনা সংশয় রয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, গত বছরের ১৮ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম হাটহাজারীতে চলে যান। এরপর থেকে ফটিকছড়িতে নতুন কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি। ওই পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আজহারুল ইসলামকে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এ টি এম আজহারুল ইসলাম বলেন, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রতি ইউনিয়নে তিন থেকে চারজন তত্ত্বাবধায়কের অধীনে মাঠকর্মীরা কাজ করবেন। বাড়ি বাড়ি গিয়ে মাঠকর্মীরা যাতে নির্ভুলভাবে কাজটি করেন সে জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর ভোটারদের ছবি তোলা হবে বাড়ি বাড়ি গিয়ে।
পুরো প্রক্রিয়াটি অনেক শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ। এ জন্য লোকবল নিয়োগ দিতে হবে। তবে দুটি কার্যালয়ের কাজ সামলাতে তাঁর সমস্যা হচ্ছে না বলে জানান।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ খোরশেদুল আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলায় নির্বাচন কর্মকর্তার স্বল্পতা রয়েছে। এ কারণেই উপজেলার কোনো কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। শিগগিরই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।