নির্বাচন কমিশন সচিবালয়ে ২৩৫ নিয়োগ
নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়সমূহে বিভিন্ন পদে মোট ২৩৫ জনকে নিয়োগ করা হবে। বিভিন্ন পত্রিকায় এ নিয়োগসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে ক্যাটালগার (গ্রেড-১৪) এবং ডেসপাস রাইডার (গ্রেড-১৭) পদে ১ জন করে, স্টোর কিপার (গ্রেড-১৪) পদে মোট ২ জন, পরিচ্ছন্নতাকর্মী (ফরাস গ্রেড-২০) ২ জন, ডেটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬) পদে মোট ৫ জন, কম্পিউটার অপারেটর (গ্রেড-১১) পদে ৩ জন, উচ্চমান সহকারী (গ্রেড-১৪) এবং হিসাব সহকারী (গ্রেড-১৪) পদে ৪ জন করে, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদে ১৮ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) পদে মোট ১৫ জন, পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার গ্রেড-২০) পদে ৫ জন, অফিস সহায়ক (গ্রেড-২০) পদে মোট ৯৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদে ৭৩ জন এবং নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) পদে ৯ জনসহ সব মিলিয়ে মোট ২৩৫ জনকে নিয়োগ করা হবে। এসব পদে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এসব পদে আবেদন করতে হলে প্রার্থীদের পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক পর্যন্ত পাস হতে হবে। এ ছাড়া পদভেদে প্রার্থীদের প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। প্রার্থীদের বয়স ৩১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স থাকতে হবে ৩২ বছর।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও প্রযোজ্য সব কাগজপত্র উপসচিব (জনবল ব্যবস্থাপনা) কক্ষ নম্বর ৬১৬, ৬ষ্ঠ তলা নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট-ই, ১৪/জেড-এ আগারগাঁও, ঢাকা-১২০৭ এই ঠিকানায় নির্ধারিত তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার অফিসে রক্ষিত বাক্সে দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত তিন কপি রঙিন ছবি এবং পরীক্ষার ফি (অফেরতযোগ্য) বাবদ পদভেদে ৫০ থেকে ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-০৬০১-০০০১-২০৩১ নম্বর কোডে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দানপূর্বক চালানের মূল কপিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা ও কোটার নাম অবশ্যই উল্লেখ করতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা পদ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন পাবেন। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত কার্যালয়সমূহে নিয়োগ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, লিখিত/মৌখিক পরীক্ষায় তারিখ বা নিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.ecs.gov.bd-এ পাওয়া যাবে। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিটি http://www.ec.org.bd/QLExternalFilesEng/606.PDF এই লিংক থেকেও ডাউনলোড করা যাবে।