নির্বাচন কার্যালয়ে তথ্য পেতে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার লতিবান ইউনিয়নের দুর্গম দুরছড়ি গ্রামের কলেন্দ্র ত্রিপুরা, হেডম্যানপাড়ার মিলন ত্রিপুরা গত ২৬ মে দুপুর সাড়ে ১১টায় নির্বাচনসংক্রান্ত তথ্য পেতে এসেছিলেন নির্বাচন কার্যালয়ে। কিন্তু কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যান তাঁরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের মতো উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচনী তথ্য পেতে আসা সম্ভাব্য সদস্য (মেম্বার) ও চেয়ারম্যান পদপ্রার্থীসহ অনেককে প্রতিদিন এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ এ ছাড়া কর্মরত সংবাদকর্মীরাও নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তাঁরা জানান। জানা গেছে, বর্তমানে একজন কার্যালয় সহকারীকেই নির্বাচনসংক্রান্ত সব কাজের দেখভাল করতে হচ্ছে। এ রকম পরিস্থিতিতে ২৭ জুন উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে পানছড়িতে নির্বাচন কর্মকর্তা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের শেখ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একজন সহকারী দিয়ে চলছে উপজেলার নির্বাচন কার্যালয়। নির্বাচনসংক্রান্ত নানা কাজ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। কার্যালয় সহকারী মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গত মার্চ মাসে নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা খাগড়াছড়ি বদলি হয়ে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে। এই মূহূর্তে কার্যালয়ের সামগ্রিক কার্যক্রম চালাতে আমাকে চরম হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে মাঝেমধ্যে জেলা সদরসহ বিভিন্ন কার্যালয়ে যেতে হয়। এ অবস্থায় নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে আসা জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই তথ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।’ পানছড়ির ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের শেখ। তিনি বলেন, ‘এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে আমাকেও চরম বেগ পেতে হচ্ছে। আমিও তো মানুষ, আমারও বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু দুই কার্যালয়ে কাজ থাকার কারণে একটু বিশ্রাম করারও সময় পাই না।’ তবে নির্বাচনে তেমন সমস্যা হবে না বলে তিনি মন্তব্য করেন।