নির্বাচন গ্রামে প্রার্থীরা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের আবু বকর পাশের লক্ষ্মীপুর গ্রামের আলী নেওয়াজের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলেন, ‘ভোট দেব কাকে, এখনো তো কোনো প্রার্থীই ভোটের জন্য এলাকায় আসেননি। শুনেছি, প্রার্থীরা নাকি ঢাকায়। নির্বাচন হবে গ্রামে আর প্রার্থীরা এখনো ঢাকায়। এ কেমন প্রার্থী, এ কেমন নির্বাচন!’
ফেনী-১ আসনে (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) ২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন, আওয়ামী লীগের খায়রুল বাশার মজুমদার, জাসদের (জাসদ-ইনু) শিরিন আক্তার, জাতীয় পার্টির এটিএম গোলাম মাওলা চৌধুরী, নবগঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শাহরিয়ার ইকবাল এবং স্বতন্ত্র সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারী। এর মধ্যে খায়রুল বাশার মজুমদার ও শিরিন আক্তারের মনোয়নপত্র বৈধ ঘোষিত হয়। খায়রুল বাশারের বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামে। আর শিরিন আক্তারের বাড়ি পূর্ব ছাগলনাইয়া গ্রামে।
স্থানীয় ভোটারেরা জানান, দুজনই মূলত ঢাকায় বসবাস করেন। তবে খায়রুল বাশার মাঝে-মধ্যে বাড়িতে আসা-যাওয়া করেন। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গেও তাঁর মোটামুটি যোগাযোগ রয়েছে। বর্তমানে তিনি দলীয় সভানেত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকা ফেনী জেলা কমিটির সহসভাপতি। অপরদিকে জাসদ নেত্রী শিরিন আক্তার এলাকায় আসেন না। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গেও তেমন যোগাযোগ নেই তাঁর। তবে শ্রমিক আন্দোলনসহ জাতীয় রাজনীতিতে জড়িত থাকার সুবাদে এলাকায় নেতা-কর্মীরা নামেই তাঁকে জানেন।
প্রার্থীদের এলাকায় না থাকা প্রসঙ্গে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমদ বলেন, এত দিন এটি ছিল ভিআইপি আসন। এখান থেকে তিনবার নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তার আগে লে. কর্নেল (অব.) জাফর ইমাম। স্বাধীনতার পর নির্বাচিত হয়েছিলেন সাংবাদিক-কলামিস্ট এবিএম মুসা। এবার বৈধ হিসেবে বিবেচিত দুজনই ১৪ দলীয় জোটের শরিক। শিগগিরই তাঁরা এলাকায় আসবেন।
জানতে চাইলে খায়রুল বাশার বলেন, ‘আমি ইতিমধ্যে নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেছি। এলাকার উন্নয়নের জন্য আগের মতো ভবিষ্যতেও কাজ করব।’ শিরিন আক্তারকে মুঠোফোনে না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।