নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বসে নেই সম্ভাব্য প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কার্যকালের মেয়াদ শেষের পথে। নির্বাচন কমিশনের বিধি অনুসারে মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী গত ঈদের আগে তফসিল ঘোষণার কথা থাকলেও এখনো তা হয়নি। ফলে নির্বাচন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বসে নেই সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা। পৌরসভার বিভিন্ন স্থানে ঈদের শুভেচ্ছা সংবলিত নানা ধরনের পোস্টার সেঁটেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এসব পোস্টারের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে জনগণের নজর কাড়ার চেষ্টা করছেন তাঁরা। অনেকে ব্যক্তিগতভাবে প্রভাবশালী ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও শুভেচ্ছা বিনিময় ও দোয়া চেয়ে এসেছেন।সম্ভাব্য একাধিক প্রার্থী স্বীকার করেছেন, তাঁরা সম্ভাব্য নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক। তাই জনগণের সঙ্গে এখন থেকে শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি মনোনয়ন পেতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিজ নিজ দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে সবাই শতভাগ আশাবাদী। মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ, বিএনপি পৌর কমিটির সাধারণ সম্পাদক ইউছুফ নিজামী, বিএনপি নেতা জাকির হোসেন, আওয়ামী লীগের পৌর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজ-উদ-দৌলা, সাধারণ সম্পাদক এ জে এম হোসেন, বর্তমান মেয়র, আওয়ামী লীগ নেতা শফিউল আলম এবং জামায়াত নেতা তৌহিদুল হক।সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌরসভার ছোট-বড় বাজারসহ বিভিন্ন স্থাপনায় সম্ভাব্য মেয়র-কাউন্সিলর প্রার্থীদের ছবিসহ ঈদের শুভেচ্ছা সংবলিত পোস্টার শোভা পাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের দিন থেকে পৌরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন যার রেশ এখনো রয়েছে। জানতে চাইলে সাবেক মেয়র ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমি আগেও জনগণের পাশে ছিলাম, এখনো আছি। তাই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছি।’ইউছুপ নিজামী ও জাকির হোসেন জানান, তাঁরা দলের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, নির্বাচন করার জন্যও প্রস্তুত। আওয়ামী লীগের সিরাজ-উদ-দৌলা দাবি করেন তিনি দলের মনোনয়ন এক রকম পেয়ে গেছেন। তাই এখন থেকে জনগণের পাশে থাকছেন। এ জে এম হোসেন বলেন, নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের কাছে যেতে চাই। বর্তমান মেয়র শফিউল আলম বলেন, ‘গত পাঁচ বছরে এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করেছি। এবারও জনগণের পক্ষ থেকে নির্বাচন করব।’ জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী তৌহিদুল হক বলেন, ‘চারদলীয় জোটের পক্ষ থেকে মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। তবে তা না হলে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির পক্ষে নির্বাচন করতে প্রস্তুত।’উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৪ আগস্ট সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন ৯ সেপ্টেম্বর। সে হিসাবে এ বছর ৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবির বলেন, ‘আমি যতটুকু জানি সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তবে নির্বাচন কবে হবে এসংক্রান্ত কোনো কাগজপত্র হাতে পাইনি। কয়েক দিনের মধ্যে একটা নির্দেশনা পাওয়ার সম্ভাবনা আছে।’