নির্বাচন নিয়ে আগ্রহ নেই প্রার্থীদেরও
নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষ হয়েছে গত শনিবার। এর পর থেকেই প্রচারণার সময় শুরু হলেও নগরে কোনো প্রার্থীর প্রচার-প্রচারণা লক্ষ করা যায়নি। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে সাতটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পথে রয়েছেন। ফলে উত্তাপহীন হয়ে পড়েছে নির্বাচন। নির্বাচন নিয়ে ভোটার ও প্রার্থী কারও আগ্রহ চোখে পড়েনি। এমন নির্বাচনী চিত্রে হতাশ খোদ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে সাতটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে থাকা প্রার্থীদের মধ্যে পাঁচজন আওয়ামী লীগের। এ ছাড়া জাপা ও জাসদের রয়েছেন একজন করে। প্রার্থিতা প্রত্যাহার শেষে অবশিষ্ট নয়টি আসনে প্রার্থী রয়েছেন মাত্র ২৫ জন।
এই নয়টি আসনের প্রার্থীদেরও কোনো দৌড়ঝাঁপ নেই। প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় নয়টি আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাঁরা রয়েছেন, তাঁরা নামমাত্র থাকার মতো। সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান জানান, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের দুই দিন আগে প্রচারণা শেষ হবে।
বিগত সংসদ নির্বাচনের সময় দেখা গেছে, প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গিয়েছিল নগরের অলিগলি। কিন্তু এবার এখনো প্রার্থীদের কোনো পোস্টার, মাইকিং কিংবা গণসংযোগ চোখে পড়েনি।
প্রচারণার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুল লতিফ বলেন, ‘প্রচারণার সময় সবে শুরু হয়েছে। আস্তে আস্তে করব। তা ছাড়া আমার সঙ্গে জনগণের যোগাযোগ রয়েছে। প্রতিনিয়ত তাদের কাছে যাচ্ছি আমি।’
চট্টগ্রাম-৯ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফ বলেন, ‘আমরা বৈঠকে বসে প্রচারণার কৌশল নির্ধারণ করেছি। প্রচারণাও জোরেশোরে শুরু করব।’
চট্টগ্রামের যে নয়টি আসনে নির্বাচন হবে, তার মধ্যে পাঁচটিতে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে প্রার্থী হয়েছেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম বিএসসি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একইভাবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেও তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারির পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ার।
এভাবে সমঝোতা করে নির্বাচন করার কারণে ভোটাররা আগ্রহ হারাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কর্মকর্তা বলেন, ‘নির্বাচন নিয়ে প্রার্থী, ভোটার এমনকি আমাদেরও আগ্রহ কমে গেছে। যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী শক্ত নয়, তাই প্রার্থীরা শুধু শুধু পয়সা খরচ করে প্রচারণা কেন করবেন?’
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেকর্ডসংখ্যক প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোটারদের মধ্যেও এ নিয়ে কোনো ধরনের আগ্রহ চোখে পড়ছে না। রাস্তাঘাট, অফিস আদালত, চা-দোকান—কোথাও নির্বাচন ও প্রার্থীদের নিয়ে কোনো আলোচনা নেই। সে জায়গায় স্থান করে নিয়েছে নৈরাজ্য ও নাশকতা নিয়ে আলোচনা।
এই নয়টি আসনে ভোটারসংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩২। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নতুন ভোটার রয়েছেন। চট্টগ্রামের ১৬টি আসনে নতুন ভোটারসংখ্যা প্রায় চার লাখ। সমঝোতার নির্বাচন নিয়ে তাঁরা সবচেয়ে বেশি অখুশি। ২০১২ সালে নতুন ভোটার তালিকায় স্থান পাওয়া রূমন ঘোষ নামের এক তরুণ বলেন, ‘অনেক আশা করেছিলাম এবার ভোট দেব। কিন্তু যেভাবে সমঝোতা হচ্ছে, তাতে নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি।’