নির্বাচন বর্জনকারীরা আদালতে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বর্জনকারী ব্যবসায়ী পরিষদের নেতারা ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, তাঁরা অন্তত দুটি বিষয় নিয়ে আদালতের শরণাপন্ন হচ্ছেন। এর একটি নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জ করা এবং অন্যটি পকেট ভোট দেওয়া বন্ধ করা। পকেট ভোটের নির্বাচন বন্ধ করতে হলে একই ব্যবসায়ীর অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান চেম্বারের সদস্য হলেও ওই ব্যবসায়ী একটির বেশি ভোট প্রদানের পদ্ধতি বন্ধ হবে। ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে এ ধরনের নমিনি ভোট দেওয়া বন্ধ হয়েছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে ব্যবসায়ী পরিষদকে সমর্থনদানকারী চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দু-এক দিনের মধ্যে আমরা আদালতে রিট করব। চেম্বার নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এ রিট করা হচ্ছে।’তিনি বলেন, ‘অতীতে পকেট ভোটে চেম্বারের নির্বাচন হয়েছে—এটা সত্যি। কিন্তু এ ধরনের নির্বাচনে নির্বাচিত নেতারা গত দুই বছরে ব্যবসায়ীদের কোনো স্বার্থ রক্ষা করতে পারেনি। বরং চেম্বারের সুনাম ক্ষুণ্ন করেছে। সেই সুনাম পুনরুদ্ধারের জন্য আমরা আদালতে যাচ্ছি।’