পানছড়ির উল্টাছড়ি ইউনিয়ন নিয়ে আবার জটিলতা সৃষ্টি হয়েছে। আদিবাসীদের মতামত উপেক্ষা করে তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লতিবান ইউনিয়নকে ভাগ করে আলাদা ইউনিয়ন করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ১৯ মে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন বরাবরে স্মারকলিপি দিয়েছেন তাঁরা। দাবি না মানলে নির্বাচন বর্জনেরও হুমকি দেন। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের শেখ জানান, লতিবান ও উল্টাছড়ির আদিবাসীরা একক লতিবান ইউনিয়ন চান। লতিবান ইউনিয়নকে দ্বিখণ্ডিত করে উল্টাছড়ি পুনর্গঠিত করার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশন বরাবরে তাঁরা স্মারকলিপি দিয়েছেন।উল্টাছড়ি ইউনিয়ন বাতিলের দাবিতে ১৫ মে আদিবাসীরা একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক এস চাকমা বলেন, লতিবান ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব না দিয়ে তৎকালীন বিএনপি সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১৯৯৩ সালের ১৫ এপ্রিল লতিবান ইউনিয়নকে ভাগ করে আলাদা উল্টাছড়ি ইউনিয়নের প্রজ্ঞাপন জারি করে। প্রতিবাদে আদিবাসীরা বিভিন্ন মিছিল-সমাবেশ, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করে। পরে ১৯৯৭ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নবগঠিত উল্টাছড়ি ইউনিয়ন বাতিল করে। ফলে ২০০৩ সালে একক লতিবান ইউনিয়ন হিসেবে নির্বাচন হয়। এতে উল্টাছড়ি এলাকার আব্দুল মালেক চেয়ারম্যান নির্বাচিত হন।তিনি আরও বলেন, ‘সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ না করে নামমাত্র জনসংখ্যা নিয়ে আবারও উল্টাছড়ি ইউনিয়নের তফসিল ঘোষণার প্রতিবাদে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদানসহ নির্বাচন বর্জনের হুমকি দিয়েছি।’ লতিবান মৌজার হেডম্যান ভূমিধর রোয়াজা বলেন, ‘লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নের শতভাগ জনগণ পাহাড়ি। অন্যদিকে যুগলছড়ি মৌজার ৬৫ শতাংশ বাঙালি। শুধু বাঙালিদের স্বার্থ প্রাধান্য দিয়ে মাত্র আট বর্গমাইল এলাকার যুগলছড়ি মৌজা নিয়ে উল্টাছড়ি ইউনিয়ন গঠন করা হয়েছে; যা সমগ্র লতিবান ইউনিয়নের আয়তনের মাত্র এক-দশমাংশ। এ জন্য আমরা এর প্রতিবাদ করছি।’ পানছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, ২০০২ সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ না করে আবারও উল্টাছড়ি ইউনিয়নের তফসিল ঘোষণা করায় আদিবাসীরা বিরোধিতা করছেন।