
ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন দুই ভোটার—সলিম আর জব্বার।
সলিম: জব্বার, দোস্ত দেখ, তুই কলা মার্কায় ভোট দিবি। আর আমি মুরগি মার্কায়। দুজনের ভোট কাটাকাটি হইয়া গেল। কেউ আগাইল না, পিছাইলও না। তাইলে আমাগো ভোট দিয়া কী লাভ?
জব্বার: ঠিকই তো কইলি। তাইলে আর লাইনে দাঁড়ায়া কী হইব? চল, যাইগা।
দুজন লাইন থেকে বেরিয়ে এল।
পেছন থেকে এক বৃদ্ধ সলিমকে বললেন, ‘দুজন মিলে ভালোই তো চুক্তি করলা।’
‘হ চাচা, সকাল থেকে পাঁচজনের সঙ্গে এই চুক্তি করছি।’ সলিমের জবাব।
শামীম সাহেব ভোটে দাঁড়িয়েছেন। গণনা শেষে দেখা গেল, তিনি তিনটি ভোট পেয়েছেন।
বাড়ি ফিরে দেখেন, বউ ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছেন! শামীম সাহেবকে দেখেই চিৎকার জুড়ে দিলেন, ‘মিনসের ঘরে মিনসে! তুমি একটা ভোট দিছ, আমি একটা দিছি। আরেকটা দিল কে?’
নির্বাচনে শরিফ দাঁড়িয়েছেন আনারস মার্কায়, আর জলিলের মার্কা ছাতা। একদিন রাস্তায় কথা হচ্ছিল তাঁদের।
শরিফ: বুঝলা জলিল, ভোটে কিন্তু আমিই পাস করব। কেন জানো? আমার দলের কর্মীরা যখন রিকশায়ও ওঠে, রিকশাওয়ালার খোঁজখবর নেয়। রিকশা থেকে নামার সময় তাঁকে ১০ টাকা বকশিশ দেয়। আর বলে, ‘ভাই, ভোটটা কিন্তু আনারস মার্কায়ই দিয়েন।’
জলিল: না রে শরিফ, ভোটে আমিই জিতব। কারণ, আমার লোকেরা রিকশায় উঠেই রিকশাওয়ালাকে গালিগালাজ করে। রিকশা থেকে নামার সময় ১০ টাকা কম দেয়। আর বলে, ‘ওই ব্যাটা, ভোটটা কিন্তু আনারস মার্কায় দিবি।’
মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন এক নেতা, ‘আমি যদি নির্বাচিত হই, এই গ্রামে ব্রিজ বানিয়ে দেব।’
পেছন থেকে একজন বলে উঠল, ‘স্যার, এই গ্রামে তো কোনো খাল নেই। ব্রিজ করবেন কীভাবে?’
নেতা আমতা আমতা করে বললেন, ‘ইয়ে মানে...প্রথমে খাল খনন করব। এরপর খালের ওপর ব্রিজ বানাব।’
আফ্রিকান ব্যবসায়ী ফার্নান্দেজ। নিজ গ্রামে নির্বাচনে দাঁড়াবেন বলে ঠিক করেছেন। কিন্তু বেচারা ছোট থেকে বড় হয়েছেন শহরে। গ্রামে কখনো যাননি, এমনকি নিজ গ্রামের ভাষাও ঠিকঠাক জানেন না। তাতে কী? ঢাকঢোল পিটিয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন তিনি।
একদিন গ্রামের মঞ্চে তাঁকে বক্তৃতা করতে দেখা গেল, ‘আমি নির্বাচিত হলে আপনাদের সব দুঃখ-দুর্দশা দূর করব।’
গ্রামের লোকজন সমস্বরে বলে উঠল, ‘হোয়া হোয়া’!
ফার্নান্দেজ আরও বললেন, ‘গ্রামের মাটির সব ঘর ভেঙে পাকা ঘর তৈরি করে দেব।’
আবারও সবাই বলে উঠল, ‘হোয়া হোয়া’।
ইনিয়ে-বিনিয়ে আরও বহু প্রতিশ্রুতিই দিলেন তিনি। প্রতিটি বক্তব্য শেষেই গ্রামের লোকের একই কথা, ‘হোয়া হোয়া’। ফার্নান্দেজ তো গ্রামের ভাষা বোঝেন না। তিনি ধরেই নিলেন, সবাই নিশ্চয়ই তাঁকে সমর্থন জানাচ্ছে। খুশিমনে তিনি বক্তৃতা শেষ করলেন।
ফেরার পথে কাদামাটি পেরিয়ে যাচ্ছিলেন ফার্নান্দেজ, সঙ্গে এক গাইড। পথিমধ্যে চোখে পড়ল একগাদা গরুর গোবর। নাক কুঁচকে ইশারায় বললেন ফার্নান্দেজ, ‘ওয়াক থু! এগুলো কী?’
গাইডের উত্তর, ‘হোয়া হোয়া’!
ভোট চাইতে ভোটারের কাছে গেছেন এক নেতা।
নেতা: চাচা, কথা দেন, ভোটটা আমারেই দিবেন।
ভোটার: কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা: তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, তা তো নয়।
ভোটার: তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।
সংগ্রহ: মো. সাইফুল্লাহ