নির্বাচন রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী-স্ত্রী দুজনের মুখেই আকর্ণবিস্তৃত হাসি। গলায় রঙিন মালা। তাদের চারপাশে উৎসুক জনতার ভিড়। সমবেত জনতার মুখও হাসি হাসি। এমন ঘটনা সত্যিই রোজ রোজ ঘটে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন মানেই তো গ্রামজুড়ে হইচই। সাজ সাজ রব। জোরদার প্রচার-প্রচারণা। কে জিতল কে হারল এই নিয়ে হাটে-বাজারে বাহাস। টানটান উত্তেজনা। সেখানে একই ঘরে দু-দুজন বিজয়ী! চমকপ্রদ ঘটনা তো বটেই।বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান ও তাঁর স্ত্রী রোখসানা বেগম। এক নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। স্ত্রী রোকসানাও কম যান না। তাঁর বিজয় এসেছে সংরক্ষিত মহিলা সদস্যপদে। বিজয়ের পর তাঁরা মহানন্দে কুশল বিনিময় করতে বেরিয়েছেন তাঁদের কর্মী-সমর্থকদের সঙ্গে। (সূত্র: প্রথম আলো, ৫ এপ্রিল, ২০১১।)আমাদের দেশে নির্বাচন কেবল ভোটদান বা ভোট গণনার আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন রীতিমতো উৎসবের আমেজ নিয়ে আসে। পছন্দের প্রার্থীর পক্ষে হাটে-বাজারে জোরদার গলাবাজি। ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা—এসব আমাদের নির্বাচনী সংস্কৃতিরই অংশ হয়ে দাঁড়িয়েছে। স্বামী-স্ত্রী জুটির এই বিজয়ের ঘটনা সেই সংস্কৃতিতে একটি মজার মাইলফলক হয়ে থাকল। ভোটাররা অকুণ্ঠচিত্তে তাঁদের ওপর আস্থা রেখেছেন। তাঁরাও এই ছবির মতোই সব সময় এলাকার মানুষের পক্ষে থাকবেন, এই আশা করি। —ইকবাল হোসাইন চৌধুরী