ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে আজ রোববার অনুষ্ঠেয় ছয়টি ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে গত বৃহস্পতিবার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টির অভিযোগে নির্বাচন কমিশন মোটবী ও ফাজিলপুর ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে বিঘ্ন সৃষ্টির অভিযোগে নির্বাচন কমিশন মোটবী ও ফাজিলপুর ইউপি নির্বাচন ভোটের দিন শেষ মুহূর্তে স্থগিত ঘোষণা করে।আজ রোববার অনুষ্ঠেয় ফেনী সদর উপজেলার কাজিরবাগ, ধর্মপুর, শর্শদি, পাঁচগাছিয়া, বালিগাঁও, কালিদহসহ ছয়টি ইউপি নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব সৈয়দ মো. খোরশেদ আনোয়ার স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় এ স্থগিতাদেশ প্রদান করা হয়। বৃহস্পতিবারের নির্বাচনে চারটি ইউনিয়নে ভোট গ্রহণ ও গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিজয়ীদের নাম ঘোষণা করেন।ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ। ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন টিপু। লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জমান। ধলিয়া ইউনিয়নে (ইউপি) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও বিএনপি-সমর্থিত প্রার্থী জাকির হোসেন জসিম।