নির্বাচনী প্রচারণায় বিদ্যালয়ের ছাত্র!
সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বাতারপাড়া এলাকায় মই নিয়ে এক চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার লাগাচ্ছে জসিম উদ্দিন (১২) ও মোহাম্মদ আলমগীর (১৪)। তারা মছজিদ্দা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তাদের সঙ্গে রয়েছে আরও দুই কিশোর। এরা কেউ এবারের নির্বাচনে ভোটার নয়।সরেজমিনে কুমিরা ইউনিয়নে দেখা যায়, জসিম ও আলমগীরের মতো অর্ধশতাধিক শিশু-কিশোর বড়দের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারকাজ করছে। প্রার্থীদের নিয়োজিত প্রচারকর্মীদের মাধ্যমে চা-বিস্কুটের প্রলোভনে বিদ্যালয়ের ছাত্রদের ব্যবহার করা হচ্ছে। জসিম ও আলমগীর জানায়, শখের বশে তারা নির্বাচনী কাজ করছে। তবে তাদের এ কাজের জন্য ৩০০ টাকা অগ্রিম দিয়েছে প্রার্থীর এক লোক। তাদের সঙ্গে থাকা লোকমান হোসেন জানায়, ‘প্রার্থী তাদের গ্রামের হওয়ায় তারা স্বেচ্ছায় ওই কাজ করছে।’ কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির গ্রামের নজরুল ইসলাম জানান, আগে দেখা যেত চকলেট বা মিষ্টিমুখ করানোর কথা বলে এলাকার শিশুদের দিয়ে প্রার্থীর পক্ষে মিছিল করানো হতো। এবার নির্বাচনী আচরণবিধিতে মিছিল নিষিদ্ধ হওয়ায় তাদের দিয়ে পোস্টার লাগানোসহ অন্যান্য কাজ করানো হচ্ছে। কুমিরা ছাড়াও অন্যান্য ইউনিয়নেও এমন চিত্র দেখা গেছে। তবে এ নিয়ে খোদ প্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আ ফ ম মফিজুর রহমান বলেন, ‘স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।’ বাঁশবাড়িয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত আলী ও বারৈয়াঢালার চেয়ারম্যান পদপ্রার্থী রেহান উদ্দিন জানান, ‘নির্বাচনী প্রচারণায় বিদ্যালয়ের ছাত্র ও শিশুদের ব্যবহার করে টাকা-পয়সা দিয়ে অল্প বয়সেই তাদের নষ্ট করা হচ্ছে। এটা বন্ধ করা প্রয়োজন।’ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘সরকার যখন শিশুশ্রম বন্ধে নানামুখী পদক্ষেপ নিচ্ছে, তখন অনেকটা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার করা হচ্ছে। যেসব প্রার্থীর পক্ষে এমন চিত্র দেখা যাচ্ছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।’উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা বলেন, ‘বিদ্যালয় ছাত্র ও শিশুদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা ঠিক নয়। যদিও নির্বাচনী আচরণবিধিতে সরাসরি এসব বিষয়ের উল্লেখ নেই, তাই কোনো পদক্ষেপ নেওয়া যায় না। তবে শিশুদের নির্বাচনী কাজে ব্যবহার না করাটাই প্রার্থীদের নৈতিক দায়িত্ব।’