নির্বাচনী প্রচারণায় স্ত্রী-সন্তানেরাও

চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা এখন জমজমাট। সব ছাপিয়ে সবার দৃষ্টি মেয়র পদের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন ও বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুর আলমের দিকে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাঁরা। সকাল থেকে রাত পর্যন্ত কাটছে গণসংযোগে। ছুটছেন নগরের এ–প্রান্ত থেকে ও–প্রান্ত।
নির্বাচনের দিন যত কাছে আসছে, মেয়র প্রার্থীদের ব্যস্ততাও বাড়ছে। তাঁদের সঙ্গে মাঠে নেমেছেন স্ত্রী-সন্তানেরাও। প্রচারণা চালাচ্ছেন আ জ ম নাছির উদ্দিনের স্ত্রী শিরিন আক্তার এবং মোহাম্মদ মনজুর আলমের ছেলে সারোয়ার আলম। তাঁরা আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে ঘুরে তাঁদের প্রচারণার চিত্র পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা। চট্টগ্রাম নগরের পূর্ব ফিরোজশাহ কলোনির মিনার চত্বর এলাকা। এখানে এসে থামে একটি কালো মাইক্রোবাস। সেখান থেকে একে একে নেমে আসেন চারজন নারী। তাঁদের একজন আ জ ম নাছিরের স্ত্রী শিরিন আক্তার। তাঁকে দেখে আশপাশ থেকে ছুটে আসেন আরও ১০-১২ জন ব্যক্তি। সবাই মিলে ‘হাতি’ প্রতীকের সমর্থনে গণসংযোগ শুরু করেন। নেতৃত্বে ছিলেন শিরিন আক্তার নিজেই।
প্রচারণা চালানোর ফাঁকে কথা হয় শিরিন আক্তারের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘যেখানেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। নগরবাসী পরিবর্তন চায়। মেয়র পদে তাঁরা নতুন মুখ চান। লোকজন তাঁদের প্রত্যাশার কথা বলছেন আমাদের। চট্টগ্রাম নগর নিয়ে আমার স্বামীর পরিকল্পনার কথা তাঁদের অবহিত করছি।’

বৃহস্পতিবারের এই প্রচারণার সময় শিরিন আক্তারের সঙ্গে ছিলেন আ জ ম নাছিরের দুই বোন ও দুই ভাইয়ের স্ত্রী। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সাত দিনে শিরিন আক্তার স্বামীর জন্য ভোট চেয়ে অন্তত ১৬টি ওয়ার্ডে গিয়েছেন। সেখানে মানুষের সঙ্গে কথা বলেছেন।
পূর্ব ফিরোজ শাহ এলাকার ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‘ভোট চাইতে মেয়র প্রার্থী আ জ ম নাছিরের স্ত্রী এসেছেন। তাঁকে আমাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা বলেছি। তিনি স্বামীর জন্য ভোট চেয়েছেন।’
এদিকে প্রচারণায় পিছিয়ে নেই সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ মনজুর আলমের পরিবারের সদস্যরাও। তাঁর পাঁচ ছেলে ও অন্যান্য আত্মীয়-স্বজন এখন বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। গত শুক্রবার সকালে বাবার জন্য ভোট চাইতে উত্তর কাট্টলী ওয়ার্ডের শেখ বাড়ি ও মুন্সিপাড়ায় যান মনজুর আলমের দ্বিতীয় ছেলে সারোয়ার আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। তাঁরা ‘কমলালেবু’ প্রতীকের পক্ষে ভোট চান।
জানতে চাইলে সারোয়ার আলম বলেন, ‘বাবার পক্ষে ভোট চাইতে বিভিন্ন এলাকায় গেলে জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জনগণের সহযোগিতা কামনা করেছি। দায়িত্ব পালনের সময় বাবা করপোরেশনকে দুর্নীতি, সন্ত্রাস ও দলীয়মুক্ত রেখেছেন। বিষয়গুলো ভোটারদের কাছে তুলে ধরছি। আশাকরি নগরবাসী যোগ্য প্রার্থী বেছে নেবেন।’
সারোয়ার আলম জানান, নগরের ৪১টি ওয়ার্ডকে কয়েক ভাগে বিভক্ত করে তাঁরা পাঁচ ভাই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁদের এই প্রচারণায় যুক্ত আছেন চাচা, চাচাত ভাই ও অন্যান্য আত্মীয়-স্বজনেরাও।
উত্তর কাট্টলীর মুন্সিপাড়ার বাসিন্দা কুতুব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘মনজুর আলমের ছেলে ভোট চাইতে এসেছেন। তাঁকে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি। আমাদের প্রত্যাশা চট্টগ্রাম নগর হবে পরিষ্কার পরিচ্ছন্ন।’ একই এলাকার বাসিন্দা আরাফাত চৌধুরী বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এলাকার রাস্তাঘাটগুলো আরও প্রশস্ত ও আধুনিক করতে হবে। মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।