নির্বাচনীপুঁথি
আরে
নির্বাচনের হাওয়া এখন চট্টগ্রামে ঢাকায়
মেয়র পদের প্রার্থীরা সব প্রতিশ্রুতি হাঁকায়
সেথায় স্বপ্ন আছে,
সেথায় স্বপ্ন আছে, ধারে কাছে যাকে যেথায় পাবে
দেশের জন্য কত দরদ, সে কথা শোনাবে
তারা সবাই ভালো
তারা সবাই ভালো, জ্ঞানের আলো ছড়ায় চতুর্দিকে
তাদের দেখে কাউন্সিলররাও নিচ্ছে এসব শিখে
তারপর দিচ্ছে ভাষণ
তারপর দিচ্ছে ভাষণ, পাচ্ছে আসন জনগণের মনে
কে যে হবে নির্বাচিত ভাবছে প্রতিক্ষণে
দলে ভেড়াচ্ছে লোক
দলে ভেড়াচ্ছে লোক, যেভাবেই হোক জিততে হবে ভোটে
সব হিসাব হয় এলোমেলো সুখস্বপ্নের চোটে
কিন্তু নির্বাচনে
কিন্তু নির্বাচনে জনে জনে কী বার্তা যায় রটে?
সে কথা কি আছে কোনো প্রার্থী ভায়ার ঠোঁটে
সেটা দেখতে হবে
সেটা দেখতে হবে, ভোটটা তবে কোন ভদ্রলোক পাবে
কথায়-কাজে মিল আছে যার, সেই কি মেয়র হবে?
তা তো আজ জানা নেই
তা তো আজ জানা নেই, কাল আসছে সেই নির্বাচনের খেলা
ঠিক লোকটাকে ভোট দিতে তাই কেউ কোরো না হেলা
যোগ্য মেয়র এনে
যোগ্য মেয়র এনে এ দুর্দিনে বাঁচাও নগর দুটি
তবেই দেখবে পায়ের কাছে শান্তির লুটোপুটি
শোনো ভাইবোনেরা....