
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার একটি ধারাবাহিক সরকার। ধারাবাহিকভাবেই গত ৫ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসীন হয়। বিএনপি সময় ও সংবিধানকে মূল্য না দিয়ে ওই নির্বাচনে না গিয়ে বড় ভুল করেছে। সেই ভুলের মাশুল তাদের দিতে হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে তারা অংশ নিতে পারবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আশির দশকের ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গত ২৯ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আবু সুফিয়ান। প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
বক্তব্য দেন সংগঠনের কো-চেয়ারম্যান মাহাবুবুল আলম, মহাসচিব এ কে এম নাজিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাংবাদিক কলিম সরওয়ার, আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।