নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বিপদে কৃপা রানীর পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদে (ইউপি) সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বিপদে পড়েছেন কৃপা রানী চাকমা ও তাঁর স্বামী শান্তি চাকমা। মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করতে প্রথমে স্বামী শান্তি চাকমাকে এবং পরে প্রার্থী কৃপা রানী চাকমাকে অপহরণ করা হয়। এরপর মনোনয়নপত্র প্রত্যাহারের অঙ্গীকার করে মুক্তি পেলেও বাদ সেধেছে আরও একটি দল। ফলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত পৌঁছাতে পারেননি কৃপা রানী ও তাঁর স্বামী। এখন ভয়ে গ্রাম ছেড়ে আত্মগোপনে রয়েছেন তাঁরা।গত রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর কাছে তাঁদের দুঃখের কথা জানান কৃপা রানী চাকমা ও শান্তি চাকমা। বর্তমানে তাঁদের দুই শিশুপুত্রের পড়াশোনাও বন্ধ বলে জানান তাঁরা।কৃপা রানী জানান, তিনি গত মেয়াদের আগের মেয়াদে সাজেক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। এবারও স্থানীয় জনসাধারণ তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করে। তাই তিনি মনোনয়নপত্র জমা দেন। কিন্তু এর পরপরই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ সৃষ্টি করতে তাঁর স্বামীকে অপহরণ করে। পরে তাঁর স্বামীকে ছেড়ে দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করতে তাঁকে (কৃপা রানী চাকমা) অপহরণ করা হয়। এ সময় তিনি মনোনয়নপত্র প্রত্যাহারে অঙ্গীকার করায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত শুক্রবার সকালে তাঁকে মুক্তি দেওয়া হয়। ওই দিন মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসার পথে আবার একদল তরুণ তাঁদের বাধা দেয় এবং অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। ফলে কৃপা রাণীর আর মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব হয়নি।যোগাযোগ করা হলে কৃপা রাণীর স্বামী শান্তি চাকমা জানান, তাঁরা এখন হুমকির মুখে রয়েছেন। তিনি প্রশ্ন করেন, ‘আমরা কী অন্যায় করেছি? আমাদের নিয়ে কোন খেলা হচ্ছে? এখন আমাদের দুই শিশুপুত্রের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাঘাইহাট কেজি স্কুলে তৃতীয় শ্রেণীতে এবং একটি এনজিওর প্রি প্রাইমারিতে পড়ুয়া ছেলে দুইটিকে নানা শঙ্কার মধ্যে নিজেদের কাছে আনা হয়েছে।’ প্রথম অপহরণকারীরা ইউপিডিএফের সদস্য বলে সনাক্ত করা গেলেও মনোনয়নপত্র প্রত্যাহারে বাধাদানকারী তরুণদের চিনতে পারেননি বলে জানান কৃপা রাণী ও শান্তি চাকমা।তবে ইউপিডিএফের উপজেলা সমন্বয়কারী সমশান্তি চাকমা অপহরণ বা চাপ সৃষ্টির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, দলের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার এবং তাদের সমর্থিত প্রার্থীকে সমর্থন জানাতে অনুরোধ করা হয়েছে । যোগাযোগ করা হলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁঁইয়া জানান, কৃপা রাণী চাকমা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ সৃষ্টি এবং আটকে রাখার বিষয়ে কোনো অভিযোগ তিনি পাননি বলে জানান।