নির্বাচনের খবর নেই, প্রার্থীরা মাঠে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার নাজিরহাটকে পৌরসভা ঘোষণা করা হয় গত ২ জুন। তবে এখনো প্রশাসক নিয়োগ হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা আরও পরের প্রক্রিয়া। কিন্তু এর মধ্যেই পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। পৌর এলাকার বিভিন্ন স্থান ছেয়ে গেছে পোস্টারে।
পৌরসভার বিভিন্ন দলের নেতা–কর্মীরা নিজেদের ছবিসংবলিত পোস্টারে পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন। অনেকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। পৌর এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা-কর্মী সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থী হিসেবে পোস্টার-প্রচারণায় নেমেছেন।
পূর্ব ফরহাদাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, আলী আজম ছাদেক নামের এক ব্যক্তির প্রচুর পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা হয়েছে ‘ছাদেক ভাইকে মেয়র দেখতে চাই।’
জানতে চাইলে আলী আজম ছাদেক বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা এ কাজ করেছেন। তফসিল ঘোষণার পর সরাসরি প্রচারে নামব। এখন এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করছি।’
পৌরসভা ঘুরে অন্তত চার ধরনের পোস্টার দেখা গেছে। এসব পোস্টারে দোয়া চাওয়ার পাশাপাশি পৌরবাসীকে অভিনন্দন, ঈদের এবং শারদীয় শুভেচ্ছা জানানো হয়।
আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা জানান, মেয়র পদে সমর্থন পেতে দলের অনেক নেতা মাঠে নেমেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন অনেকে।
ঈদের আগে ও পরে পৌরসভায় প্রচুর রঙিন ব্যানার-ফেস্টুন ও পোস্টার সাঁটানো হয়েছে। এসব প্রচারণায় আলী আজম ছাদেক, জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ, মো. আজম, দিদারুল আলম, এইচ এম নাসির উদ্দীন, মো. নুরুল আবছার, নেছার আহাম্মদ, মো. সোলাইমান, মহিউদ্দিন মাহমুদ, মোহাম্মদ হাসান, লুৎফর রহমান, মো. মোরশেদ, মঈনউদ্দিন, রফিকুল ইসলাম, সিরাজুদ্দৌলাহ চৌধুরী, আনিস উদ্দিন, হাসমত মিয়া, আবু তাহের, লোকমান হোসেন, আবদুল্লাহসহ অনেকের নাম দেখা গেছে। নাজিরহাট, ঝংকার, চৌমুহনী, ফকিরহাট, বাবুনগর, বোর্ডস্কুল, চুরখাঁরহাট, সুয়াবিল, এবিসিসহ বিভিন্ন এলাকায় তাঁদের নামে পোস্টার-ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে।
তফসিল ঘোষণার আগে প্রচারে নামা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কি না, এই প্রশ্ন করা হলে সুয়াবিল এলাকার বাসিন্দা আবু তালেব চৌধুরী বলেন, ‘আমরা তো বাঙালি, হঠাৎ ভোট চাইতে গেলে নানা রকম কথা ওঠে। তাই আগে থেকে একটু সালাম ও দোয়া নিচ্ছি। ভোট চাচ্ছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গেজেট প্রকাশের পর প্রশাসক নিয়োগ। এরপর সীমানা নির্ধারণ করেই নির্বাচনী তফসিল ঘোষিত হবে। এর আগে কেউ প্রচারণা চালালেও কিছু করার নেই।