নির্বাচনের ১০টি বিষয়
এবারের নির্বাচনে সত্যিই আসে যায়: ২০০১ আর ২০০৫ সালে সংবাদপত্রের নিবন্ধগুলোর কথা স্মরণ করলে ব্রিটিশ ভোটাররা দেখবেন, তখন বলা হয়েছিল, সেবারের নির্বাচনে আগ্রহী হওয়া ও ভোট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। হয়তো সেটা অতিরঞ্জিত ছিল। কিন্তু এবারের ভোট সত্যিই গুরুত্বপূর্ণ। ১৯৯৭ সালের পর এই প্রথম সরকার পরিবর্তনের সত্যিকারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচন আগামী কয়েক দশক ধরে ব্রিটেনের চলার পথ নির্ধারণে সহায়তা করতে পারে।আধিপত্য করতে পারে টিভি বিতর্ক: ২০১০ সালের জন্য এটা সবচেয়ে বড় নতুন সংযোজন। তা হয়তো এককভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কারণ হবে না। কিন্তু ব্রিটেনে প্রথম টেলিভিশনে প্রচারিত প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের বিতর্ক নিশ্চিতভাবেই সবার দৃষ্টি আকর্ষণ করবে। বিতর্কে যিনি ভালো করবেন, তিনি ডাউনিং স্ট্রিটে যাওয়ার পাল্লায় বেশ খানিকটা এগিয়ে থাকার আশা করতেই পারেন।আধিপত্য করবে ইন্টারনেটও: রাজনৈতিক দলগুলোর যেকোনো নীতি ঘোষণা বা যেকোনো পোস্টার প্রকাশিত হওয়ার পর তাত্ক্ষণিকভাবে লুফে নিতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ, ব্লগার, সাংবাদিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেকোনো বিবৃতি মুহূর্তের মধ্যেই ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার কবলে পড়তে পারে। টুইটার ও ইউটিউব জন্ম দিতে পারে গুজব ও বিতর্কের ডালপালা।স্লোগানের গুরুত্ব কমবে: কনজারভেটিভ পার্টি দিচ্ছে পরিবর্তনের স্লোগান, লেবার পার্টি চায় স্বচ্ছতা। আর লিবারেল ডেমোক্র্যাটরা পরিবর্তন ও স্বচ্ছতা দুটোর কথাই বলছেন। কিন্তু এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর স্লোগানের তেমন গুরুত্ব থাকবে না বলেই ধারণা করা হচ্ছে।প্রাধান্য পাবে নীতি: সাম্প্রতিক সবগুলো নির্বাচনের মতো এবারও প্রধান রাজনৈতিক দলগুলোর সার্বিক নীতি-দর্শনের মধ্যে পার্থক্য রয়েছে সামান্যই। এসবের মধ্যে রয়েছে—ঘাটতি মোকাবিলা, ব্যয় কমানো ও প্রায় নিশ্চিতভাবেই কোনো না কোনোভাবে কর বৃদ্ধি। কিন্তু আসল লড়াই হবে সূক্ষ্ম নীতিগত তারতম্যগুলো নিয়ে। স্ত্রীদের লড়াই: প্রচারণায় প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের স্ত্রীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নির্বাচনী প্রচারণায় তাঁরা এমন ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে, যা আগে কখনোই ব্রিটেনে দেখা যায়নি। ব্রাউনের স্ত্রী সারাহ ব্রাউনের মতো ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা ক্যামেরনকেও স্বামীর ‘গোপন অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।হতে পারে ব্যক্তিগত আক্রমণ: কিছু না কিছু কাদা ছোড়াছুড়ি হবে না, এমন আশা কেউই করেন না। কিন্তু এবার তা কিছুটা নোংরা আকার ধারণ করতে পারে। হতে পারে ব্যক্তিগত আক্রমণও। অতীতে গর্ডন ব্রাউনকে ‘দ্বিধাগ্রস্ত’ হিসেবে চিত্রিত করে বিরোধীরা বলেছিল, তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী নন। তারা ভোটারদের বলতে পারে, আপনারা কি এই ব্রাউনকে আরও পাঁচ বছরের জন্য চান? ডেভিড ক্যামেরনের প্রতি পাল্টা আঘাত হানতে পারেন ব্রাউনের সমর্থকেরা। দুই দলের সমর্থকেরা ইন্টারনেটে নোংরা খেলায় মেতে উঠতে পারেন।প্রভাব থাকতে পারে স্থানীয় ইস্যুর: এবারের নির্বাচনে স্থানীয় ইস্যুগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অতীতের তুলনায় এবারের নির্বাচনে স্থানীয় ইস্যুগুলো বেশি প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।বলা হতে পারে মিথ্যা: যুদ্ধের মতো যেকোনো সাধারণ নির্বাচনের প্রচারণার প্রথম শিকার হলো ‘সত্য’। ব্রিটেনের এবারের নির্বাচনেও তা ঘটতে পারে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা তীব্র আকার ধারণ করতে পারে।ফলাফল জানেন না কেউই: বিশেষজ্ঞদের কথায় বিভ্রান্ত হবেন না। এটা হবে এমন একটি নির্বাচন, যেখানে কী ঘটতে যাচ্ছে তা এখনো কেউই জানেন না।