নির্বিচারে বালু উত্তোলন ঝুঁকিতে সেতু
বৃহত্তর ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারের সেতুটি ঝুঁকির মধ্যে ফেলে প্রভাবশালী একটি মহল সমানে বালু তুলছে। সূত্র জানায়, উপজেলার নারায়ণহাট বাজারের মধ্য দিয়ে প্রবাহিত হালদা নদীর তিন খালের মাথায় নির্মিত নারায়ণহাট বাজার সেতুর ২৫ গজ দূর থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিয়ম রয়েছে সেতুর ১০০ গজের মধ্যে বালু তোলা যাবে না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে ১২০ ফুট দীর্ঘ কাঠের পাটাতন দিয়ে একটি সেতু নির্মাণ করা হয় আশির দশকে। পরবর্তীকালে জনগণের দাবির মুখে ২০০৬ সালে এটি লোহার পাটাতন দিয়ে পুনর্নির্মাণ করা হয়।অভিযোগ রয়েছে, উপজেলার হাসনাবাদ, নারায়ণহাট ও কাজিরহাট গ্রামের মেহেদী হাসান, মহিউদ্দিন, মাস্টার মাহাবু, শফি, সেলিম, রমজান আলী, সামশু, আইয়ুব, বাহাদুরসহ প্রায় ১১ জন বালু ব্যবসায়ী নদীর তিন খালের মাথাসংলগ্ন এলাকা থেকে ৫০০ গজ দূর পর্যন্ত বালু তুলে দেদারসে ব্যবসা করছেন। এতে সেতুটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, সেতুর খুব কাছ থেকে কয়েকজন শ্রমিক বালু তুলে ট্রাক (চট্টমেট্রো-ট-০২-০২১০) বোঝাই করছেন। কার অনুমতি নিয়ে বালু তোলা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে মান্নান, সালাউদ্দিন ও নাজিম বলেন, ‘নদীর পানি শুকিয়ে যাওয়ায় এখান থেকে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকি।’ স্থানীয় ইলেভেন স্টার নামে ১১ সদস্যের একটি চক্রকে (সিন্ডিকেট) ট্রাকপ্রতি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা দিয়ে বালুর ব্যবসা করেন বলে তাঁরা দাবি করেন।স্থানীয় শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ জানান, ‘খাল-নদী দখল ও বালু উত্তোলনকারী লোকজনকে সামাজিকভাবে প্রতিহত করা ছাড়া উপায় নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সামাজিক আন্দোলনে নামতে হবে।’ ইজারাদার মেহেদী হাসানের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে, অন্যতম অভিযুক্ত মাস্টার মাহাবু এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘নিয়মের দরকার নেই। ইজারা নিয়ে বালুর ব্যবসা করছি। সেতুর ক্ষতি হলে আমাদের কী আসে যায়?’সড়ক ও জনপদ বিভাগের উপপ্রকৌশলী রবিউল হোসেন বলেন, সেতুটি চার বছর আগেই নতুন করে তৈরি করা হয়েছে। সেতুর পাশ থেকে বালু তোলার ফলে যেকোনো মুহূর্তে সেতুটির বড় ধরনের ক্ষতি হতে পারে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রউফ মিয়া বলেন, ‘এখানে কিছু অংশের ইজারা রয়েছে। সেখানে সেতু ঝুঁকিতে ফেলে বালু তোলা হচ্ছে শুনেছি। ইজাদার শর্ত লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খানম মজলিশ প্রথম আলোকে বলেন, নিয়ম রয়েছে সেতুর নির্দিষ্ট দূরত্ব থেকে বালু তোলা যাবে না। অভিযোগের ভিত্তিতে ইজারাদারদের বিরুদ্ধে দু-এক দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।