চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি-কাঞ্চননগর সড়কের চার কিলোমিটার সংস্কারকাজ শেষ হওয়ার কথা এ বছরের মার্চ মাসে। ইতিমধ্যে সড়কের ৫০ ভাগ অংশে পিচঢালাইয়ের কাজ শেষ হয়েছে। তবে এরই মধ্যে যানবাহনের চাকার সঙ্গে লেগে সদ্য সংস্কার হওয়া সড়কের পিচঢালাই উঠে গিয়ে ইট বেরিয়ে আসছে। এলাকাবাসী ও যানবাহন চালকদের অভিযোগ, বিটুমিন কম দেওয়ায় ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সড়কের এই হাল হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৩ দশমিক ৪৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির চার কিলোমিটার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করতে ৮৬ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ শুরু হয়। গত বছর ২২ ডিসেম্বর ঠিকাদারি সংস্থা মেসার্স জেন এন্টারপ্রাইজ সংস্কারকাজ শুরু করে। চলতি বছরের ৩০ মার্চ সড়কের সংস্কার শেষ হওয়ার কথা। ইতিমধ্যে কাঞ্চননগরে সড়কের দুই কিলোমিটার অংশে পিচঢালাইয়ের কাজ শেষ হয়েছে। সংস্কার হওয়া অংশে এখন যানবাহনও চলছে।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, কাঞ্চননগর এলাকায় কার্পেটিং হওয়া দুই কিলোমিটার সড়কের অনেক জায়গায় পিচঢালাই উঠে গিয়ে ইট বেরিয়ে এসেছে। ট্রাকসহ ভারী যানবাহনের চাকার চাপে গর্ত তৈরি হচ্ছে সড়কে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ও বিটুমিন কম দেওয়ায় সড়কের এই হাল হয়েছে বলে যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
কাঞ্চননগরের কাঞ্চুরহাট এলাকার অটোরিকশার চালক মো. আজম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই পিচঢালাই উঠে যাচ্ছে। নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মাথায় এটি আবার আগের অবস্থায় ফিরে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে ওই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়েছেন বলে জানান কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশিদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘ফটিকছড়ি-কাঞ্চননগর সড়কের সংস্কারকাজ শুরুর পরপরই এলাকার লোকজন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেন। এরপর আমি নিজে ঠিকাদারকে এ ব্যাপারে সতর্কও করেছি। কাজ শেষ হওয়ার পর যদি অভিযোগের সত্যতা মেলে, তবে এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করব।’
কাঞ্চুরহাট বাজারের ব্যবসায়ী রহমান আলী অভিযোগ করেন, ‘রাস্তায় একেবারেই নিম্নমানের কাজ হচ্ছে। অনেক জায়গায় বিটুমিন উঠে গেছে। বাকি কাজ এভাবে সড়ক সংস্কার কোনো কাজেই আসবে না।’
মেসার্স জেন এন্টারপ্রাইজের ঠিকাদার মোহাম্মদ ফোরকান এসব অভিযোগ অস্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, রাস্তার কাজে একটুও গাফিলতি হচ্ছে না। দরপত্রে উল্লেখিত নিয়মেই কাজ করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী ম বিল্লাল হোসেন বলেন, সড়ক সংস্কারের কাজে নতুন উপকরণের সঙ্গে পুরোনো উপকরণ ব্যবহারের শর্ত রয়েছে। তারপরও অভিযোগের বিষয়ে ঠিকাদারকে সতর্ক করা হয়েছে। অভিযোগ ঠিক হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বলেন, এটি উপজেলার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে কাজ হলে ছাড় দেওয়া হবে না।