নির্মাণাধীন ছাদের একাংশ ধসে ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকায় নির্মীয়মাণ ভবনের ছাদের একাংশ ধসে দুই শ্রমিক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হচ্ছেন—মো. শাহীন (৩০) ও মো. মজিদ (২৫)। আহত নজরুল ইসলামকে (৫০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহীনের বাড়ি নওগাঁ জেলায়। মজিদের ঠিকানা পাওয়া যায়নি। পুলিশ জানায়, বরিশাল বাজার কাশেম কলোনিতে একটি নির্মীয়মাণ ভবনে এই তিন শ্রমিক কাজ করছিলেন। সকালে তিন দিন আগে ঢালাই করা কার্নিশের বাঁশ খুলে নেন। এর সঙ্গে সঙ্গে কার্নিশটি ভেঙে পড়ে নিচে কর্মরত তিন শ্রমিকের ওপর। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, সম্ভবত, কার্নিশটি না শুকানোর আগেই ওঁরা বাঁশ খুলে নিয়েছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।