আট মাস আগে ভবন নির্মাণকাজ শেষ হলেও এখনো চালু হয়নি খাগড়াছড়ি জেলার দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন। গণপূর্ত অধিদপ্তর ভবনটি এখনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে হস্তান্তর করেনি। কার্যালয়টির জন্য নিয়োগ দেওয়া হয়নি লোকবলও।
দীঘিনালার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকজন জানান, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় গত দুই বছরে উপজেলার চারটি বাজার আগুনে পুড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি। ১৯৯৫ সালে উপজেলার বোয়ালখালী পাইকারি বাজারে আগুন লেগেছিল। এতে অন্তত ৩০ কোটি টাকার সম্পদ পুড়ে যায়। এরপর গত বছরের ৩০ নভেম্বর ও চলতি ৬ জানুয়ারি উপজেলার দুটি বাজারে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। তাঁরা দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন চালু করার দাবি জানান।
খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ২০১২ সালে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ব্যয় ধরা হয় ১ কোটি ৯৮ লাখ টাকা। ২০১৩ সালের জানুয়ারি মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত ত্রিপুরা ভবন নির্মাণের কাজটি পায়। ওই প্রতিষ্ঠানের হয়ে ভবন নির্মাণকাজ শুরু করেন মোহাম্মদ জসিম উদ্দিন। ২০১৫ সালের এপ্রিল মাসে ভবন নির্মাণের কাজ শেষ হয়। তবে ঠিকাদারের বকেয়া পরিশোধ না করায় এখনো সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ভবনটি হস্তান্তর করা যায়নি।
জানা গেছে, দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনে একজন স্টেশন কর্মকর্তা, একজন দলনেতা (লিডার), ১০ জন ফায়ারম্যান, দুজন গাড়িচালক, একজন বাবুর্চি, একজন মশালচিসহ ১৬ জনের পদ রয়েছে। এখনো লোকবলগুলো পদায়ন করা হয়নি। এ ছাড়া স্টেশনের জন্য একটি মাত্র অগ্নিনির্বাপক গাড়ি বরাদ্দ করা হয়েছে। এতে কোনো অ্যাম্বুলেন্স থাকবে না।
সরেজমিন দেখা যায়, উপজেলার মাইনী নদীসংলগ্ন বাবুপাড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণ করা হয়েছে। চারদিকে সীমানাপ্রাচীরঘেরা তিনতলা–বিশিষ্ট ভবনের তৃতীয় তলায় স্টেশন কর্মকর্তার বাসভবন, দ্বিতীয় তলায় ফায়ারম্যানদের ব্যারাক আর নিচতলায় গাড়ি রাখার স্থান। ভবনের পশ্চিম পাশে আলাদাভাবে রান্নার ঘর ও খাওয়ার কক্ষ, পাশে গভীর নলকূপ ও মোটর কক্ষ। ভবনের রং করাও শেষ হয়েছে।
ঠিকাদার মোহাম্মদ জসিম বলেন, ‘আমি গত এপ্রিল মাসে ফায়ার সার্ভিস স্টেশন ভবনের কাজ শেষ করেছি। গণপূর্ত অধিদপ্তর যখনই বলবে তখনই ভবন হস্তান্তর করতে পারব। তবে আমি এখনো গণপূর্ত অধিদপ্তরের কাছে ভবন নির্মাণের ৩৭ লাখ টাকা পাব। ভবন হস্তান্তরের আগে আমার বকেয়া বিল পরিশোধ করলে ভালো হয়।’
এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে মেরুং বাজার ও বেতছড়ি বাজারে আগুনে পুড়ে দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনটি চালু হলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমত। এ ছাড়া ফায়ার সার্ভিস স্টেশনে একটি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা উচিত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের খাগড়াছড়ি ও রাঙামাটির দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক গোলাম মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন ভবন এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের জন্য একটি গাড়ি বরাদ্দ হয়েছে। তবে এখনো কোনো লোকবল পদায়ন করা হয়নি। আশা করছি, কিছুদিনের মধ্যে স্টেশনটি চালু করা সম্ভব হবে।’
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। আমরা ভবনটি বুঝে নেওয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে চিঠি দিয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের বকেয়া বিল পরিশোধেও বরাদ্দ পেতে প্রধান কার্যালয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে।’