নির্মাণের এক বছরেও চালু হয়নি ছাত্রাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের এক বছর পরও চালু হয়নি খাগড়াছড়ির পানছড়ি উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস। দুই কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ছাত্রাবাসের কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়নি এখনো।দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এই ছাত্রাবাসটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল। ২০১০ সালের জুন মাসে শুরু হয়ে ২০১১ সালের মার্চে শেষ হয় নির্মাণকাজ। সংশ্লিষ্ট ঠিকাদার ছাত্রাবাসটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদতপ্তর বুঝিয়ে দিয়েছেন গত বছর এপ্রিল মাসেই। ছাত্রবাসটি চালু হলে উপজেলার ৮০ জন দরিদ্র শিক্ষার্থী থাকার সুযোগ পাবে। ফলে দারিদ্র্যের কারণে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে বলে মনে করেন অভিভাবকেরা। শিক্ষক ও অভিভাবকদের দাবি, চলতি শিক্ষা বর্ষেই ছাত্রাবাস চালু করা হোক। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিশুরা শিক্ষার সুযোগ পাবে। পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান জানান, উপজেলার দুর্গম এলাকার শিক্ষার্থীদের কথা মাথায় রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা বিভাগ ছাত্রাবাসটি নির্মাণের উদ্যোগ নেয়। ছাত্রাবাস পরিচালনা করার জন্য একজন তত্ত্বাবধায়ক, একজন অফিস সহকারী ও চারজন কর্মচারী নিয়োগ করার কথা রয়েছে। ছাত্রাবাসে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী থাকার সুযোগ পাবে। পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘ঠিকাদার নির্দিষ্ট সময়ের তিন মাস আগে কাজ বুঝিয়ে দিয়েছেন।’ ঠিকাদার উত্তম কুমার বলেন, ‘নির্ধারিত সময়ের তিন মাস আগে কর্তৃপক্ষকে ভবনটি বুঝিয়ে দিয়েছি।’পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা প্রথম আলোকে বলেন, ছাত্রাবাসটি চালু হলে উপজেলার দুর্গম এলাকার দরিদ্র শিশুরা সদরে এসে লেখাপড়ার সুযোগ পাবে।