নির্মাণের তিন বছর পরও নিয়োগ হয়নি লোকবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নির্মাণের তিন বছর পরও চিকিৎসক ও কর্মচারীর পদে লোকবল নিয়োগ দেওয়া হয়নি।

বর্তমানে পাশের কাকারা ইউনিয়নের একজন স্বাস্থ্য পরিদর্শক সপ্তাহে দুই দিন এ স্বাস্থ্যকেন্দ্রে আসেন। বাকি দিনগুলোতে বন্ধ থাকে স্বাস্থ্যকেন্দ্রটি। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই ইউনিয়নের ২০ হাজার মানুষ।

জানা গেছে, ২০১১ সালের ৮০ লাখ টাকা ব্যয়ে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্মাণ করা হয় স্বাস্থকেন্দ্রের দোতলা ভবন। তবে এ পর্যন্ত একজন দারোয়ান ছাড়া কোনো পদেই নিয়োগ দেওয়া হয়নি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মকর্তা, প্যারা মেডিকেল কর্মকর্তা, ফার্মাসিস্ট, ভিজিটর, আয়া ও দারোয়ানের পদ রয়েছে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও এসব পদে নিয়োগ হয়নি।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, তিন বছর আগে স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হলেও লোকবল না থাকায় এটি কোনো উপকারে আসছে না।

জানতে চাইলে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম বলেন, লোকবল সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রটি পুরোদমে চালু করা যাচ্ছে না। ওই স্বাস্থ্যকেন্দ্রে পাঁচটি পদ শূন্য রয়েছে।

লোকবল নিয়োগের বিষয়ে এ পর্যন্ত পাঁচবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তারপরও জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সপ্তাহে দুই দিন স্বাস্থ্যকেন্দ্রটি চালু রাখার উদ্যোগ নেওয়া হয়।

স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় সপ্তাহে দুই দিন স্বাস্থ্য পরিদর্শকের মাধ্যমে প্রসূতি মহিলাদের সেবা দেওয়া হচ্ছে।