নির্মাণের দেড় বছরেই বিদ্যালয় ভবনে বৃষ্টির পানি!
নির্মাণের দেড় বছরের মাথায় পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে। ভারী বর্ষণের সময় পাঠদান করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের এই বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে।
পগয্যাছড়ি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, ২০১০-১১ অর্থবছরে উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। এতে ব্যয় ধরা হয় ১৭ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা। সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রমা এন্টারপ্রাইজ ভবন নির্মাণের দায়িত্ব পায়। চার কক্ষবিশিষ্ট ভবনটি ২০১৪ সালের ২১ জানুয়ারি বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এর দেড় বছরের মাথায় ভবনে ঢুকছে বৃষ্টির পানি। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে বেড়ার ঘরে শিক্ষাকার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার প্রায় ৪৯ বছর পর সরকারি ব্যয়ে পাকা ভবন নির্মিত হলেও সেটিতে ত্রুটি ধরা পড়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যাও কমছে প্রতিবছর। ২০১৪ সালে বিদ্যালয়ে ৬২ জন শিক্ষার্থী থাকলেও এ বছর শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৪।
সরেজমিনে দেখা যায়, ভবনের চারটি কক্ষেই ছাদ থেকে পানি চুইয়ে পড়ছে। ভেজা স্যাঁতসেঁতে শ্রেণিকক্ষেই চলছে পাঠদান। অধিকাংশ শিক্ষার্থীর বই ও জামাকাপড়ও ছিল ভেজা। শিক্ষক মিলনায়তনের একই অবস্থা। সেখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজ ভেজা অবস্থায় দেখা গেছে। এ ছাড়া বিদ্যালয় ভবনের পশ্চিম অংশে ছাদ হেলে পড়ছে।
পঞ্চম শ্রেণি শিক্ষার্থী লাবণ্য চাকমা, তৃতীয় শ্রেণির জ্যেসি চাকমা ও চতুর্থ শ্রেণির সুজাতা চাকমা জানায়, বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে বই ও জামাকাপড় ভিজে যায়। ভারী বৃষ্টি হলে শ্রেণিকক্ষে থাকা যায় না। সে সময় আশপাশের ঘরবাড়িতে আশ্রয় নিতে হয়। আগে বেড়ার ঘর হলেও পানি পড়ত না। এখন বৃষ্টি হলে তাদের স্কুলে যেতে ইচ্ছে হয় না।
নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সম্পর্কে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রমা এন্টারপ্রাইজের ঠিকাদার মো. বেলাল হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুশীল চন্দ্র চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথম থেকে ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছি। এ বিষয়ে উপজেলা পরিষদ ও এলজিইডি বিভাগকেও অবহিত করেছি। এরপর এলজিইডির প্রকৌশলী এলে ছাদ মেরামত করা হয়। কিন্তু এরপরও ভবনে পানি ঢুকছে।’
প্রধান শিক্ষক বরুণ বিকাশ চাকমা বলেন, বিদ্যালয়টির চারটি কক্ষেই বৃষ্টি হলে পানি পড়ে। ইস্পাতের তৈরি আলমারিতে ফাইল-পত্র রাখলেও ভিজে যাচ্ছে। বৃষ্টির সময় টেবিল ব্যবহার করতে পারেন না শিক্ষকেরা। খাতা-বই ভিজে যায়। ভারী বৃষ্টি হলে দাঁড়িয়ে থাকার মতো জায়গাও থাকে না।
ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সমস্যার কথা শুনেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্ত করার নির্দেশ দিয়েছেন।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি আমি আসার আগে নির্মাণ করা হয়। নির্মাণকাজে সস্তা সিমেন্ট ও ইট-বালু ব্যবহার করায় এমন সমস্যা হয়েছে।’