
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সদর-দুরছড়ি সড়কের কাচালং বাজার এলাকায় নির্মাণের তিন বছর পরও কোনো কাজে আসছে না কোটি টাকার কালভার্ট। নির্মাণের পর মাটি ধসে যাওয়ায় সড়ক থেকে এটি বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন যানবাহন চলাচল না করায় কালভার্ট ও এর আশপাশের রাস্তা ঝোপঝাড়ে ঢেকে গেছে। ফলে বিকল্প রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ভারী বৃষ্টির কারণে উপজেলা সদর-দুরছড়ি সড়কের কাচালং বাজার এলাকার সড়কটি ধসে যায়। প্রায় দুই শ গজ সড়ক ছয় শ ফুট গভীর খাদে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধসে যাওয়া এলাকায় কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়। ২০১৩ সালে নভেম্বর মাসে বক্স কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এই জন্য নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ৩০ লাখ টাকা। ৬১ দশমিক ৪ মিটার দীর্ঘ ও সাড়ে ৩ মিটার চওড়া কালভার্টটির নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতেশ্বর এন্টারপ্রাইজ। কাজ শেষ হয় ওই বছরের জুন মাসে। তবে কাজ শেষ হওয়ার ১৫ দিনের মাথায় কালভার্টের ওপর দেওয়া মাটি ধসে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উপজেলা প্রকৌশল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কালভার্টটি নির্মাণের পর এটির ওপর প্রায় ২০ ফুট মাটি দিতে হয়েছে। এর ওপর আরসিসি ব্লক দিয়ে দুই দিকে নালাও নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিনের মাথায় কালভার্টের ওপর দেওয়া মাটি সরে গিয়ে ব্লক ও নালা ভেঙে যায়। নতুন করে মাটি না দেওয়ায় এবং ব্লক ও নালা সংস্কার না করায় দীর্ঘ তিন বছরের বেশি ওই সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। ফলে কালভার্টটি কোনো কাজে আসছে না।
এলাকাবাসী অভিযোগ করেন, সড়কটিতে পাঁচ বছর ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় কাচালং বাজার, খেদারমারা ইউনিয়ন ও পৌরসভার একাংশের মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। মাত্র তিন মিনিটের রাস্তা পার হতে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কালভার্টের ওপর দেওয়া মাটি সরে গিয়ে মূল সড়ক থেকে প্রায় দুই হাত নিচু হয়ে গেছে। ব্লকগুলো ভেঙে এলোমেলো অবস্থায় পড়ে আছে। কালভার্ট আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। কালভার্টের দুই পাশে দেওয়া ইটও উঠে গেছে।
কাচালং বাজারের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, ‘শুনেছি প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে কালভার্ট নির্মাণ করতে। ধসে যাওয়ার পর সংস্কার না করায় কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কে দুই পাশ ঝোপঝাড়ে ঢাকা পড়েছে। উপজেলা সদর-দুরছড়ি সড়ক বন্ধ থাকায় একটি আনসার ব্যাটালিয়ন, পুলিশের থানাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।’
পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল শুক্কুর মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কালভার্ট সংস্কারের জন্য এলজিইডিকে একাধিকবার অনুরোধ করেছি। সরকার কালভার্ট নির্মাণে কোটি টাকা খরচ করেছে। কিন্তু সামান্য সংস্কারের অভাবে এটি অকেজো অবস্থায় পড়ে আছে।’
বাঘাইছড়ি স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি এখানে যোগদান করার আগে কালভার্টের নির্মাণকাজ শেষ হয়েছে। ঠিকাদার জামানতের টাকাও উত্তোলন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার লেখালেখি করেছি। কালভার্টটি নির্মাণে পর ধসে যাওয়ায় কোনো কাজে আসছে না। বরাদ্দ পেলে কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’