কক্সবাজারের বিভিন্ন স্থানে ২২ কোটি টাকা ব্যয়ে আরও চারটি রাবারড্যাম নির্মিত হচ্ছে। সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) এই প্রকল্প বাস্তবায়ন করছে। রাবারড্যাম চারটি নির্মিত হলে জেলার পরিত্যক্ত আরও ১০ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসবে। এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, ১৯৯৫ সালে শহরের বাঁকখালী নদীতে দেশের প্রথম রাবারড্যামটি (পরীক্ষামূলকভাবে) তৈরি করা হয়েছিল। রাবারড্যাম নির্মাণের পর পাহাড়ি ও বৃষ্টির পানি ধরে রেখে নদীর দুই তীরের পাঁচ হাজার একরের বেশি জমিতে চাষাবাদ শুরু হয়। সুফল পাওয়ায় জেলার জোয়ারিয়ানালা, সোনাইছড়ি, ঈদগাঁও, টৈটং, পাগলিরবিল গ্রামে আরও ছয়টি রাবার ড্যাম নির্মাণ করা হয়। এগুলোর মাধ্যমে পাহাড়ি ও বৃষ্টির পানি ধরে রেখে প্রায় ছয় হাজার হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ হয়ে আসছে। এখন নতুন করে আরও চারটি রাবারড্যাম নির্মিত হলে অতিরিক্ত চার হাজার হেক্টর অর্থাৎ ১০ হাজার একর পরিত্যক্ত জমি চাষাবাদের আওতায় আসবে। তখন উৎপাদিত ফসলে কক্সবাজার জেলা স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি বেকার সমস্যাও দূর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার পোকখালীর ঈদগাঁও খালে ৪০ মিটার লম্বা রাবারড্যামটি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আট কোটি ৯৩ লাখ টাকা, উখিয়ার পূর্বকোলের থিমছড়ির খালে ২০ মিটার লম্বা রাবারড্যামের জন্য তিন কোটি ৯৩ লাখ, রামুর মনিরঝিল খালে ২০ মিটার রাবারড্যামের জন্য চার কোটি ৫২ লাখ এবং উখিয়ার পশ্চিম দীঘলিয়াপাড়ায় ৩০ মিটার লম্বা রাবারড্যামের জন্য চার কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এলজিইডি কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী আহমেদ শফি বলেন, ইতিমধ্যে চারটি রাবারড্যাম নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। আগামী ১ মার্চ থেকে রাবারড্যাম নির্মাণকাজ শুরু হবে। ৫৪০ দিনের মধ্যে সয কাজ সম্পন্ন করা হবে।উখিয়ার পালগিলবিল গ্রামের চাষি সৈয়দ উল্লাহ (৫৫) বলেন, শীত মৌসুমে পাগলিরবিল খালের পানি শুকিয়ে গেলে দুই তীরের কয়েক হাজার একরের ধান চাষের জমি পরিত্যক্ত হয়ে যায়। রাবারড্যাম নির্মাণের মাধ্যমে বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা মিষ্টিপানি ধরে রাখা গেলে রবিশস্যের চাষবাদ করে কয়েক হাজার চাষি লাভবান হবে। উখিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জামাল উদ্দিন বলেন, স্থানীয় চাষিরাই রাবারড্যাম রক্ষণাবেক্ষণ করেন। এ জন্য চাষিদের নিয়ে সমিতি গঠন করা হয়। সমিতিকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে চাষিরা রাবারড্যাম থেকে পানি সরবরাহ নিশ্চিত করেন।