রাঙ্গুনিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি ও শিলক নদীতে নির্মিত হচ্ছে দুটি রাবারড্যাম। চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয়েছে নির্মাণকাজ। রাবারড্যাম নির্মিত হলে নদীতীরের তিন হাজার হেক্টর জমিতে চাষাবাদ বাড়বে।কৃষকেরা জানান, উপজেলার পদুয়া, পারুয়া, উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, হোসনাবাদ, লালানগর ও স্বনির্ভর ইউনিয়নের কয়েকটি বিলে পানির অভাবে শুষ্ক মৌসুমে রবি ও বোরো চাষাবাদ হয় না। ফলে ইছামতি নদীর মোগলের হাট এবং শিলক নদীর পদুয়া রাজারহাট এলাকায় দুটি রাবারড্যাম নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।বিএডিসির ক্ষুদ্রসেচ প্রকল্পের পরিচালক আবদুস সামাদ জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের তহবিল থেকে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে রাবারড্যাম দুটি নির্মাণ করা হচ্ছে। রাবারড্যামের সঙ্গে মানুষের চলাচলের জন্য নির্মিত হচ্ছে একটি সেতুও। আগামী শুষ্ক মৌসুমের আগেই প্রকল্পের কাজ শেষ হবে। এরপর নদীতীরের বিলগুলোতে আর পানিসংকট হবে না। পারুয়া ইউনিয়নের হাজারি বিলের কৃষক নুরুল আমিন বলেন, ‘আমার তিন একর জমিতে শুধু বর্ষাকালে আমন চাষাবাদ হয়। পানির অভাবে বোরো আবাদ ও রবি ফসল করতে পারি না। বিলের প্রায় চার হাজার কৃষকের জমি শুষ্ক মৌসুমে অনাবাদী থেকে যাচ্ছে। এখন রাবারড্যামের নির্মাণকাজ শুরু হওয়ায় আগামী শুষ্ক মৌসুম থেকে রবি ও বোরো আবাদ করার স্বপ্ন দেখছেন কৃষকেরা।’ একইভাবে উত্তর রাজানগর ও বগাবিলি বিলের কৃষকেরাও বোরো চাষাবাদ করার আশা ব্যক্ত করেন।এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, রাবারড্যাম নির্মাণকাজ শেষ হলে আট বিলের তিন হাজার হেক্টর জমিতে রবি ও বোরো চাষাবাদ হবে। এতে বছরে উৎপাদন হবে ৫০ কোটি টাকার খাদ্যশস্য।