শিশুর ওপর নির্যাতন বিষয়ে সাক্ষাৎকার: ওয়াহিদা বানু
নির্যাতনকারীকে বিচারের মুখোমুখি করা নিশ্চিত করতে হবে
শিশুদের সুরক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হলেও আমাদের দেশে শিশুরা প্রতিনিয়তই নির্যাতনের শিকার হচ্ছে।এর ফলে শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি তাদের মৃত্যুও হচ্ছে এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বেসরকারি সংস্থা অপরাজেয়-বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু।

প্রথম আলো: বাংলাদেশ নানা ক্ষেত্রে অনেক উন্নতি সাধন করলেও দেখা যাচ্ছে এখানে শিশুদের অবস্থা নাজুক। এখনো বহু শিশু নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে মেয়েশিশুরা। তাদের ওপর নির্যাতনের ঘটনা বেশি ঘটছে। শিশুরা দুর্বল ও প্রতিরোধ করতে পারে না বলেই তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে?
ওয়াহিদা বানু: বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে যে প্রচলিত ধারণা, বিশেষ করে শিশুদের সম্পর্কে, তা প্রায় অভিন্ন। অভিভাবকসহ সবাই শিশুদের ভাবেন পূর্ণাঙ্গ মানুষের ছোট সংস্করণ। শিশুরা কারও ওপর কর্তৃত্ব করতে পারে না, তারা প্রতিবাদ করতে পারে না বা তাদের ভয় দেখিয়ে প্রতিবাদ করা থেকে বিরত রাখা সম্ভব। শিশুরা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, শোষণ কিংবা যৌন হয়রানি ও যৌন নির্যাতনের সংজ্ঞা বোঝে না, জানে না এই শব্দগুলোর যথাযথ অর্থ। শিশুরা জানে না, তারা কোন ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে কোথায় এবং কার কাছে নালিশ করবে । সর্বোপরি শিশু সুরক্ষা সিস্টেম সামাজিক কাঠামোর সঙ্গে প্রবলভাবে প্রতিষ্ঠিত না হওয়া এবং নির্যাতনকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় না আনতে পারা, দ্রুত বিচার সম্পন্ন করে শিশু নির্যাতনকারীদের বিচারকে একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসেবে চিহ্নিত না করা ইত্যাদি কারণে শিশুরা প্রতিদিনই কোনো না কোনো নির্যাতনের শিকার হচ্ছে।
প্রথম আলো: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল হেলপ লাইন সেন্টার স্থাপন করা হয়েছে। এই হেলপ লাইন সেন্টার কি নির্যাতিত শিশুদের কোনো কাজে আসছে বা সবাই কি জানে এই সেন্টারের কথা?
ওয়াহিদা বানু: ২০১২ সালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ১০৯২১ হেলপ লাইনটি চালু করে এবং এই মন্ত্রণালয়ের অধীনে বিভাগ ও জেলা পর্যায়ে শাখাগুলোতে এর বিস্তার ঘটেছে। নারী ও শিশুদের ফোনে কাউন্সেলিং সেবা তারা দিচ্ছে। সম্প্রতি এই হেলপ লাইনের প্রচার ভালোভাবে শুরু হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে। তবে এই হেলপ লাইনের সেবার সঙ্গে পরিচিত হতে সাধারণ মানুষের সময় প্রয়োজন। তথ্য পাওয়ার প্রক্রিয়াটি যদি সহজ না হয় তবে এই সেবা থেকে মানুষ বঞ্চিত হবে।
২০০৯ সালে বাংলাদেশে শুধু শিশুদের সহায়তায় টোল ফ্রি চাইল্ড হেলপ লাইন ১০৯৮ চালু করা হয়। পাইলট প্রকল্প হিসেবে ঢাকার আটটি থানার ২২টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা এই পরিসেবা নিশ্চিত করা হয়। বাস্তবায়ন করছে অপরাজেয়-বাংলাদেশ। এই হেলপ লাইন এ পর্যন্ত ১১ হাজার ৫০০ কল রিসিভ করেছে। বর্তমানে সারা বাংলাদেশে ল্যান্ডফোন ও মোবাইল ফোনের মাধ্যমে এর ১০৯৮-এর পরিসরে সব শিশুর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে আছে।
প্রথম আলো: নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু নির্যাতনের জন্য মাত্রাভেদে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া গত বছর পাস হওয়া শিশু আইনে শিশু নির্যাতনের জন্য অনধিক পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু এসব আইনের যথাযথ প্রয়োগ কি হচ্ছে?
ওয়াহিদা বানু: জাতিসংঘ শিশু অধিকার সনদে অনুস্বাক্ষরের ১৫ বছর আগে বাংলাদেশের শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন ১৯৭৪ পাস হয়। সময়ের প্রয়োজনে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসে গত বছর শিশু আইন ২০১৩ পাস হয়। এ আইনের যথাযথ প্রয়োগের জন্য আইনটি সম্পর্কে সংশ্লিষ্ট আইনবিদদের ভালোভাবে জানতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট বেইজিং রুলস, রিয়াদ গাইড লাইন, হাভানা রুলস ও ফৌজদারি বিচারপদ্ধতিতে শিশুর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য ভিয়েনা নির্দেশনা ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। শিশু-কিশোরদের বিচার পরিচালনার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীর জন্য নিয়মিত
প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা কিংবা অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত জনবল এ আইনের প্রয়োগ না হওয়ার একটি বড় কারণ। এ জন্য শিশু আইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে ও সেই অনুযায়ী আইন প্রয়োগ করতে হবে।
প্রথম আলো: স্কুলে শিশুদের দৈহিক নির্যাতন না করার ব্যাপারে একটি আইন আছে। কিন্তু দেখা যাচ্ছে তা মানা হচ্ছে না। শিক্ষকেরা ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন করেই যাচ্ছেন অথচ তাঁদের শাস্তি হচ্ছে না। এর পেছনে কী কারণ কাজ করছে বলে আপনার মনে হয়?
ওয়াহিদা বানু: বিভিন্ন প্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে, বিদ্যালয়গুলোতে এমনকি ঘরেও শারীরিক শাস্তিকে সামাজিক নিয়ম-নীতি হিসেবে অনুমোদন দেয়। আইনে কিংবা শিশু অধিকার সনদে শারীরিক শাস্তির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিশুর সঙ্গে নিষ্ঠুর ব্যবহার, অমানবিক অথবা মানহানিকর আচরণ, শারীরিক শাস্তি ও সব ধরনের নির্মম ও অমর্যাদাকর আচরণের এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে সমাজে। ফলে স্কুলে শিশুদের ওপর দৈহিক নির্যাতন করলেও নির্যাতনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। এ জন্য আমাদের সামাজিক ও প্রচলিত নেতিবাচক আচরণগুলোকে পাল্টাতে হবে। শিশুদের শারীরিক শাস্তি প্রতিরোধ করতে প্রচারণা চালাতে হবে। শারীরিক শাস্তির সব ঘটনা আমলে নিয়ে তার দ্রুত তদন্ত করে নির্যাতনকারীকে বিচারের মুখোমুখি করা নিশ্চিত করতে হবে।
প্রথম আলো: দেখা যাচ্ছে নিজ পরিবারের সদস্যদের হাতে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। এটা প্রতিরোধে করণীয় কি?
ওয়াহিদা বানু: অপরাজেয় বাংলাদেশ ২০১০ সালে ঢাকা শহরের বড় চারটি বস্তিতে কিশোর-কিশোরীদের মাধ্যমে ‘দ্য কমার্শিয়াল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব ভালনারেবল চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ইন ঢাকা সিটি’ শীর্ষক এক জরিপ চালায়। সেই জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ শিশুই পরিবারের ভেতরে পরিবারের সদস্য/ আত্মীয়দের হাতে প্রথম নির্যাতনের শিকার হয়। বস্তিবাসী কিশোরীরা রিপোর্ট করেছে ৪৩ শতাংশ মেয়ে তাদের কর্মস্থলে অশোভন আচরণ ও অশ্লীল ভাষার শিকার হয় এবং প্রায় ১৩ শতাংশ মেয়েশিশু যৌন নির্যাতনের শিকার হয়। তা ছাড়া যৌনকর্মীদের তথ্য অনুযায়ী, বিভিন্ন রিপোর্টে দেখা যায় তারা বেশির ভাগই প্রথমে পরিবারেই যৌন নির্যাতন কিংবা হয়রানির শিকার হয়েছিল। আমার দীর্ঘদিনের শিশুদের নিয়ে কাজের অভিজ্ঞতা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি, শিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংতা বন্ধে রাষ্ট্রের হস্তক্ষেপ জরুরি। নির্যাতনের ঘটনাগুলোকে পদ্ধতিগতভাবে চিহ্নিত করে, তথ্য সংগ্রহ করে, সেই অনুযায়ী গবেষণা করা এবং গবেষণার ফলাফলের ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা। তবেই কমতে পারে শিশুর ওপর নির্যাতন।
সাক্ষাৎকার নিয়েছেন রোকেয়া রহমান