নির্যাতনের বিচার চান মুন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান-সম্ভাবা মুন্না দে চাকরি করতেন নগরের একটি পোশাককারখানায়। অনাগত সন্তানের সুস্থতার কথা ভেবে একসময় চাকরি ছেড়ে দেন তিনি। কিন্তু চাকরি ছাড়াই কাল হলো তাঁর জন্য। টাকা আয় করতে না পারায় মুন্নার ওপর নির্যাতন শুরু করেন পরিবারের লোকজন। গত ২০ জুলাই নগরের বাদুরতলা ইউনুচ কলোনির মুন্না দের শ্বশুরবাড়িতে ঘটে এ ঘটনা। এ ঘটনার পরদিন মুন্নার বাবা বাবুল চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মুন্নার স্বামী টিসু দে, দেবর বিশু দে ও শাশুড়ি মিনু দেকে আসামি করা হয়। পুলিশ টিসু দেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। অন্য আসামিরা পলাতক। মামলার তদন্ত কর্মকর্তা অরুণ কুমার বিশ্বাস জানান, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যৌতুকের জন্য প্রায় সময় মুন্নাকে শাশুড়ি, দেবর ও স্বামী নানাভাবে নির্যাতন করতেন।’ পটিয়ার মালিয়ারা মহিতাখাইন এলাকার দরিদ্র কৃষকের মেয়ে মুন্নার সঙ্গে রাউজান ডাবুয়া জগন্নাথ মাঠ এলাকার সুশীল দের ছেলে টিসু দের বিয়ে হয় গত বছর। গত ২৯ জুলাই মুন্নার একটি ছেলে হয়েছে। মুন্না দে বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী ও তাঁর পরিবার যা যা দাবি করেছে আমার গরিব বাবা সাধ্যমতো পূরণ করেছেন। এরপরও কারণে-অকারণে আমার ওপর তাঁরা নির্যাতন চালিয়েছেন। পুনরায় চাকরিতে যোগদানের জন্য আমার স্বামী, শাশুড়ি ও দেবর আমাকে মারধর করেন। আমার তলপেটে লাথি মারলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। বাবা এসে আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আমি অত্যাচারের বিচার চাই।’ অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।