নির্যাতিত নারীরা শোনালেন ঘুরে দাঁড়ানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বিদ্যালয়ে যাওয়ার সময় ছিল বখাটেদের উৎপাত, কেউ যৌতুকের জন্য নির্যাতিত হয়েছেন স্বামীর হাতে। কিন্তু তাঁরা দমে যাননি, ঘুরে দাঁড়িয়েছেন। নির্যাতিত নারীরা শোনালেন ঘুরে দাঁড়ানোর সেই গল্প।
২১ আগস্ট রাঙামাটিতে বেসরকারি সংস্থা ‘গ্রিনহিলের’ সভাকক্ষে আয়োজিত সভায় নিজেদের কষ্টের দিনগুলোর কথা স্মরণ করেন তাঁরা। নারী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা হিমাওয়ান্তির উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় ও নির্যাতিত নারীদের সহায়তা প্রদানের লক্ষ্যে এ সভার আয়োজন করে।
সভায় রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম এলাকার এক কিশোরী জানায়, তার বিদ্যালয় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছিল। অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এক বখাটে নানাভাবে উত্ত্যক্ত করত। ওই বখাটে ছবির সঙ্গে তার ছবি জোড়া দিয়ে ফেসবুকে পোস্ট করে। নবম শ্রেণিতে ওঠার পর বিদ্যালয়ে যাওয়ার পথে একদিন তাকে অপহরণের চেষ্টা করা হয়। পরে তার বাবা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
ওই কিশোরী বলে, ‘অপহরণচেষ্টার পর আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর নারী অধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা বাড়িতে এসে আমাকে সান্ত্বনা দেন। আমাকে রাঙামাটির একটি আবাসিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে তাঁরা খরচ বহন করছেন। আমি আগামী বছর এসএসসি পরীক্ষা দেব। ভবিষ্যতে আমিও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করতে চাই।’
একইভাবে সোনিয়া বেগম ১৭ বছর বয়সে বিয়ে হওয়ার পর যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের কথা শোনান। পরে তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সহায়তায় মামলা করেন স্বামীর বিরুদ্ধে। তিনিও তাঁর সংগ্রামের কথা তুলে ধরেন।
হিমাওয়ান্তির নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, ইউএনডিপির জেন্ডার ও স্থানীয় দাতা উন্নয়ন বিভাগের প্রধান ঝুমা দেওয়ান প্রমুখ।
জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, নারী নির্যাতনও একধরনের সন্ত্রাস। জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধে এক যোগে কাজ করতে হবে। তিনি আগামী বাজেটে একটি পুনর্বাসনকেন্দ্র নির্মাণে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, নারী নির্যাতন মামলার তদন্ত দ্রুত শেষ না হওয়া দুঃখজনক। তিনি সম্মিলিতভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধে উদাহরণ সৃষ্টি করার আহ্বান জানান।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল বলেন, ‘আমরা চাই না কেউ নির্যাতনের শিকার হোক। তারপরও নির্যাতনের শিকার হলে সহায়তা দিয়ে থাকি। তবে পুনর্বাসনকাজে বেসরকারি সংস্থাগুলোর এগিয়ে আসতে হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা রহিম, রেমলিয়ানা পাংখুয়া, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, ইউএনডিপির রাঙামাটি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা প্রমুখ। অনুষ্ঠানে ১৪ জন নির্যাতিত নারী ও কন্যাশিশুকে অনুদান ও সেলাই যন্ত্র দেওয়া হয়।