বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার বার্ষিক সম্মেলন গত শনিবার ষোলশহর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে বেশি ধনসম্পদের প্রয়োজন হয় না। মানবতা প্রতিষ্ঠা করাই একজন মানবাধিকারকর্মীর কাজ। নির্যাতিত মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে মানবাধিকারকর্মীর মতো সবার এগিয়ে আসা উচিত।
সম্মেলনে সভাপতিত্ব করেন কমিশনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নিয়াজ মোরশেদ। সাধারণ সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, লায়ন সোহেল আহমদ মৃধা, সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় সমন্বয়ক সেতারা গাফফার, নগর সভাপতি আবুল হাশেম প্রমুখ।
কলিম সরওয়ার বলেন, ইদানীং মানবাধিকারকর্মীর পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড ব্যবসায়ী বেড়ে গেছে। এতে করে আসল মানবাধিকারকর্মীরা পরিচয় দিতে ইতস্ততবোধ করেন। এ জন্য সবাইকে সজাগ থাকবে হবে। —