নিল-বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার আগে বিমান চালানোর লাইসেন্স পেয়েছিলেন মানুষটা! বিমান দেখে প্রথম মুগ্ধ হয়েছিলেন দুই বছর বয়সে, বাবার সঙ্গে ন্যাশনাল এয়ার রেস দেখতে গিয়ে। প্রথম বিমানে উঠেছিলেন ছয় বছর বয়সে। বাচ্চারা যখন ঘরের বাইরে খেলাধুলা নিয়ে ব্যস্ত, তিনি তখন নিজের ল্যাবরেটরিতে উদ্ভাবন করতেন বিমানের মডেল। রাইট ভাইয়েরা ছিলেন তাঁর আদর্শ। মা-বাবাও তাঁকে কিনে দিতেন বিমান আর আকাশে ওড়ার কলাকৌশল শেখার বইপত্র। সেগুলো পড়তেন আর মনে মনে ভাবতেন—আমিও একদিন আকাশে উড়ব!সত্যি সত্যি ছেলেটি চাঁদের বুকে পা রাখল ১৯৬৯ সালের ২০ জুলাই। চাঁদে পা রেখেই বললেন, ‘একজন মানুষের জন্য এটি ছোট্ট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিরাট অগ্রগতি।’ বলা হয়, ইংরেজি ভাষার সবচেয়ে পরিচিত বাণী এটি। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখে কথাগুলো বলেছিলেন নিল আর্মস্ট্রং। না-ফেরার দেশে পাড়ি জমালেন গত ২৫ আগস্ট, বয়স হয়েছিল ৮২। চাঁদের বুড়ির কথা শুনেছি আমরা রূপকথায়, চাঁদে বসে চরকা কাটেন তিনি। আর চাঁদের বুড়ো ছিলেন আমাদের এই পৃথিবীতেই!বলতে গেলে একরকম গর্তবাসীই ছিলেন। চাঁদ থেকে ফেরার পর তো প্রতিদিন কত শত মানুষ আসত তাঁকে কেবল এক নজর দেখার আশায়। অনেকেই আসত খাতা-কলম নিয়ে—চাই একটা অটোগ্রাফ। শুরুর দিকে ‘না’ করতেন না সদা হাস্যোজ্জ্বল আর্মস্ট্রং। একসময় খেয়াল করলেন তাঁর সই করা এক টুকরো কাগজও সোনার দামে বিক্রি হচ্ছে! শুভেচ্ছাপত্রগুলোও নিলামে তুলছে লোকজন! নিজেকে পণ্য না বানানোর প্রতিজ্ঞায় অটল আর্মস্ট্রং তাই পরে অটোগ্রাফ দেওয়াও বন্ধ করে দিলেন। খিল দিয়ে রাখলেন ঘরের দরজায়। অ্যাপোলো-১১ মিশনের পর পৃথিবীতে ফিরে নাসাতেই কর্মরত ছিলেন আর্মস্ট্রং। পাশাপাশি অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সিতেও (এআরপিএ) যোগ দিয়েছিলেন। ১৯৭১ সালে দুটি জায়গাতেই পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান শিক্ষকতা পেশায়। যোগ দেন ইউনিভার্সিটি অব সিনসিনাটির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে। সেখান থেকে পদত্যাগ করেন ১৯৭৯ সালে। অনেক কাঠখড় পুড়িয়ে ১৯৯৯ সালে আর্মস্ট্রংয়ের জীবনী লেখার অনুমতি পেয়েছিলেন লেখক-অধ্যাপক জেমস আর হ্যানসেন। ফার্স্ট ম্যান: দ্য লাইফ অব নিল এ. আর্মস্ট্রং নামের বইটি প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। একই বছরে ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ও মজার ঘটনা। তখন নিল আর্মস্ট্রংয়ের সই থেকে শুরু করে পায়ের ধুলোও বিক্রি হচ্ছে চড়া দামে। মার্ক্স সাইজমোর নামের এক তরুণ নাপিত চুল কেটেছিলেন তাঁর। মার্ক্স সেই চুল থেকে কিছুটা বিক্রি করে দিয়েছিলেন এক সংগ্রাহকের কাছে। বিনিময়ে নিয়েছিলেন তিন হাজার ডলার। শুনেই মহা খেপে গিয়েছিলেন আর্মস্ট্রং। মামলা পর্যন্ত ঠুকে দিয়েছিলেন! শেষে সেই টাকা আর্মস্ট্রংয়ের ইচ্ছায় দাতব্য কাজে ব্যয় করে রেহাই পেয়েছিলেন মার্ক্স। মার্ক্সের সঙ্গে এমন বিবাদে জড়ালেও আর্মস্ট্রং আসলে ছিলেন চাঁদের আলোর মতোই নরম মনের মানুষ। তাঁর দ্বিতীয় স্ত্রী ক্যারল হেল্ড নাইট বলেছেন, ‘এরপর যেদিন পরিষ্কার আকাশে চাঁদ হাসবে। আর আপনি যখন চাঁদটাকে মাথার ওপর রেখে হাঁটবেন তখন মনে মনে নিল আর্মস্ট্রংকে ভাববেন, চাঁদের দিকে তাকিয়ে তাঁর উদ্দেশে চোখ পিটপিট করবেন একবার।’সূত্র: বিবিসি, সিএনএনমহা জীবনজাতীয়তা: মার্কিনজন্ম: ৫ আগস্ট ১৯৩০ (ওহাইও, যুক্তরাষ্ট্র)মৃত্যু: ২৫ আগস্ট ২০১২ (সিনসিনাটি, ওহাইও, যুক্তরাষ্ট্র)মা: ভায়োলা লুইস এনজেলবাবা: স্টিফেন কোইনিং আর্মস্ট্রংপ্রথম স্ত্রী: জ্যানেট শিরন (বিয়ে: ১৯৫৬, বিচ্ছেদ: ১৯৯৪)দ্বিতীয় স্ত্রী: ক্যারল হেল্ড নাইট (বিয়ে: ১৯৯৪)মহাকাশে ছিলেন: ৮ দিন ১৪ ঘণ্টা ১২ মিনিট ৩০ সেকেন্ডচাঁদের বুকে ছিলেন: প্রায় ২১ ঘণ্টা