নিলামে উঠছে বিএমডব্লিউ ও মার্সিডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক রহমান ২০১১ সালের এপ্রিল মাসে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি নিয়ে আসেন চট্টগ্রাম বন্দরে। পর্যটন-সুবিধায় আনা শুল্কমুক্তভাবে গাড়ি খালাসে ব্যাংক গ্যারান্টি ও অঙ্গীকারনামা দেওয়ার শর্ত আরোপ করার পর গাড়িটি খালাস করেননি তিনি। প্রায় দুই বছর পর গাড়িটি নিলামে তুলছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।এই গাড়িটির মতো পর্যটন-সুবিধায় আনা আরও চারটি গাড়ি নিলামে উঠছে। পর্যায়ক্রমে পর্যটন-সুবিধায় আনা প্রায় ৬৯টি গাড়ি নিলামে তোলা হবে বলে জানা গেছে। ২০০১-১১ সালের মধ্যে এসব গাড়ি তৈরি হয়েছে।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আগামীকাল ১০ জুন এই পাঁচটি গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নিলামে তোলা পণ্যতালিকা বিতরণ করা হয়েছে। আজ রোববার এবং কাল সোমবার দুপুর পর্যন্ত দর জমা দেওয়া যাবে। কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, এখন থেকে নিয়মিতভাবে পর্যটন-সুবিধায় আনা গাড়ি নিলামে তোলা হবে। নির্ধারিত সময়ে খালাস না করায় এসব গাড়ি নিলামে তোলার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান তিনি। কাস্টম হাউসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, এসব গাড়ির শুল্ককরসহ দাম পড়ে আড়াই থেকে চার কোটি টাকা। নিলামে তোলার সময় গাড়ির দাম, শুল্ককর এবং বন্দর ভাড়া যোগ করে প্রাক্কলিত মূল্য নির্ধারণ করে কাস্টম হাউস। নিলামে এই মূল্যের ৬০ শতাংশ দর পড়লে এসব গাড়ি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হবে। এর আগে বিচ্ছিন্নভাবে নিলামে তোলা হয় পর্যটন-সুবিধায় আনা গাড়ি। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মনসুর আলীর আমদানি করা বিএমডব্লিউ গাড়ি নিলামে তোলা হয়। একই সময়ে মোহাম্মদ শাহা নুরের আমদানি করা বিএমডব্লিউ এক্স-৫ স্পোর্টস নিলামে তোলা হয়। জানা গেছে, পর্যটন-সুবিধায় শুল্কমুক্তভাবে বিলাসবহুল গাড়ি এনে দেশে বিক্রি বা হস্তান্তর করে দেওয়ার অভিযোগে দুই বছর আগে থেকে কড়াকড়ি আরোপ করে রাজস্ব বোর্ড। গত বছর পর্যটন-সুবিধায় আনা গাড়ি খালাসে ব্যাংক গ্যারান্টি দেওয়ার শর্ত আরোপ করা হয়। এরপর অটোমোবাইলস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এএবি থেকে অঙ্গীকারনামা দিয়ে গাড়ি খালাসের সুযোগ দেয় রাজস্ব বোর্ড। কিন্তু এএবি থেকে জাল অঙ্গীকারনামা দিয়ে গাড়ি খালাসের চেষ্টা ধরা পড়লে এটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কাস্টম হাউস। সর্বশেষ গত ২৮ এপ্রিল রাজস্ব বোর্ডের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের যে দুটি আন্তর্জাতিক সনদের (কনভেনশন) অধীনে পর্যটন-সুবিধায় আনা গাড়ি শুল্কমুক্তভাবে খালাস করা হচ্ছে, সেই দুটি সনদে সই করেনি বাংলাদেশ। অর্থাৎ সুবিধায় আসা গাড়িগুলোর ওপর শুল্কছাড় দেওয়া ন্যায়সংগত হয়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়।