নিলামের উত্তেজনায় শুরু হলো ডিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদম্য গতিতে ছোটেনি নিলামের ঘোড়া। সর্বোচ্চ মূল্যসীমা বেঁধে দেওয়ায় দামের ঘোড়ার লাগাম হাতেই ছিল। তবে এর পরও হয়েছে জমজমাট নিলাম। টাকা নয়, পয়েন্টে নির্ধারণ করা হয়েছে মূল্য। প্রতিটি দলকে ১০ হাজার পয়েন্ট ব্যবহার করে কিনতে হবে তিনজন বিতার্কিক। তাই পয়েন্টের যথার্থ ব্যবহার করে তুখোড় বিতার্কিকদের দলে নিতে ব্যবস্থাপকদের সেকি চেষ্টা!
বলছিলাম নিলামের মাধ্যমে দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিতার্কিক নির্বাচনের কথা। ১৯ জুলাই নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি মিলনায়তনে বসে এই নিলামের আসর। ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সহায়তায় এবার বসছে দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের চতুর্থ পর্বের আসর।
টানটান উত্তেজনা থাকলেও নিলামে ছিল না কোনো বিশৃঙ্খলা। শুরুতে মঞ্চের পর্দায় একে একে ভেসে ওঠে বিতার্কিকদের নাম ও অর্জনের তালিকা। পর্দায় একজন বিতার্কিকের নাম দেখানোর পর শুরু হয়ে যায় নিলামের ডাক। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা ২৭ জন বিতার্কিক নয়টি দলের জন্য নিলামে (নির্বাচনে) অংশ নেন।
দলগুলোর নামকরণ করা হয়েছে চট্টগ্রামের নয়টি স্থানের নামে—পাইরেটস অব চকবাজার, লালখানবাজার খানস, চান্দগাঁও টাইগার্স, প্রবর্তক ইলুমিনাত্তি, মুরাদপুর সুপার পাওয়ার, টর্নেডো অব পতেঙ্গা, জামালখান ক্রিস্টালস, দেওয়ানবাজার স্পাইডার্স ও আগ্রাবাদ অ্যারিস্টোক্র্যাট। সাবেক সেরা বিতার্কিক ও বিতর্ক সংগঠকদের মধ্য থেকে নয়জন ব্যবস্থাপকের তত্ত্বাবধানে পরিচালিত হবে দলগুলো। ব্যবস্থাপকেরা হলেন উজ্জ্বল দেব, তন্ময় চৌধুরী, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম, বিবি মরিয়ম, জুয়েল চৌধুরী, মতিউর রহমান, সঞ্জয় বিশ্বাস ও বনকুসুম বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে দৃষ্টি চট্টগ্রামের ২০ বছরের কর্মকাণ্ড নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিতার্কিক নির্বাচন অনুষ্ঠান উদ্বোধন করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। তিনি সংস্কৃতিবিহীন শিক্ষাকে সিঁড়িবিহীন দালানের সঙ্গে তুলনা করে বলেন, সংস্কৃতি ছাড়া শিক্ষা এগিয়ে যেতে পারে না। আর যুক্তি সংসৃ্কতির একটা অংশ। দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক মাসুদ রানা ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল আমীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফুদ্দিন মুন্না ও সাবের শাহ। স্বাগত বক্তব্য দেন জুনায়েদ কৌশিক চৌধুরী।:n: