নিলুফা আক্তারের হত্যাকারী পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম ১ মার্চ আদালতে দেওয়া স্বীকারোক্তিতে প্রেমিকা নিলুফা আক্তারকে হত্যার কথা স্বীকার করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি তাঁকে নোয়াখালী জেলার সেনবাগ থানা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১১ নভেম্বর রাতে নিলুফা আক্তারকে নৃশংস ভাবে হত্যার পর লাশ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের খোদাইনগর (গুনক) গ্রামের ধানখেতে ফেলে রাখা হয়। পরদিন সোনাগাজী থানা পুলিশ বিকৃত চেহারার পরিচয়হীন লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায়। অজ্ঞাত পরিচয় হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, ১২ নভেম্বর সোনাগাজী থানা পুলিশ বগাদানা ইউনিয়নের খোদাইনগর (গুনক) গ্রামের ধানখেত থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। ২৮ দিন পর একই জায়গায় স্থানীয় লোকজন একটি হাতব্যাগ (ভ্যানিটি ব্যাগ) খুঁজে পায়। ওই ব্যাগ থেকে পাওয়া একটি ছবি প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামে ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত ছবি দেখে ওই মহিলার ভাই জামাল উদ্দিন চট্টগ্রামের প্রথম আলো কার্যালয়ে উপস্থিত হন এবং তাঁর বোনের নিরুদ্দেশ হওয়ার কথা জানান। পরে জামাল উদ্দিন বাদী হয়ে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তাঁর বোনের ব্যবহূত মুঠোফোনের সেটটি পাওয়া যায়নি। পুলিশ নিলুফা আক্তারের হত্যাকাণ্ডের আগে তাঁর মুঠোফোনে কাদের সঙ্গে কথা বলেছে সে ধরনের একটি তালিকা সংগ্রহ করে। তাতে ১১ নভেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকবার একটি নম্বরে কথা হয়েছে দেখতে পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (বাবা: লকিয়ত উল্লাহ, গ্রাম: অলিপুর, উপজেলা ও জেলা: ফেনী) এবং পুলিশ কনস্টেবল হিসেবে নোয়াখালীর সেনবাগ থানায় কর্মরত। গত ২৮ ফেব্রুয়ারি তাঁকে সেনবাগ থানা থেকে গ্রেপ্তার করে সোনাগাজী থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর প্রেমিকা নিলুফা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ১ মার্চ তিনি ফেনীর বিচারিক হাকিম ইয়াছির আরাফাতের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রামে চাকরি করার সময় পাহাড়তলী আমবাগান এলাকার সিরাজ মিয়ার মেয়ে নিলুফা আক্তরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে নোয়াখালীর সেনবাগ থানায় বদলি হয়ে যাওয়ার পর পারিবারিক ভাবে তাঁর বিয়ে হয়। অপর দিকে নিলুফা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। গত ১১ নভেম্বর বিকেলে নিলুফা চট্টগ্রাম থেকে ফেনীর লালপুল এসে পৌঁছেন। তারপর তাঁকে সন্ধ্যায় সোনাগাজীর গুনক ঈদগা এলাকায় নিয়ে যাওয়া হয়। নিলুফা তাঁকে বারবার বিয়ের জন্য চাপ দিতে থাকেন এবং জাহাঙ্গীরের বাড়ি যেতে চান। জাহাঙ্গীর তাঁকে কিছু টাকা দিয়ে বিদায় করতে চেয়েছিলেন। কিন্তু নিলুফা তাতে রাজি হননি। পরে স্থানীয় তিন ভাড়াটিয়া সন্ত্রাসীকে ডেকে নিলুফাকে হত্যা করা হয়। তাঁর মুখমণ্ডলের মাংস কেটে চেহারা বিকৃত করা হয়। তাঁর কাপড় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। যেন কোনো ভাবেই নিলুফার নাম পরিচয় প্রকাশ না পায়। আদালতে জাহাঙ্গীর আলম তিন ভাড়াটে সন্ত্রাসীর নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে পুলিশ তাঁদের নাম প্রকাশ করতে রাজি হয়নি।