নিশাকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একপশলা বৃষ্টি হয়ে গেছে। মেঘ মেঘ, ঠান্ডা ঠান্ডা আমেজ রয়ে গেছে এখনো। আমাদের বাড়ি থেকে বড় মসজিদটা দেখা যায়। গাছগাছালির ফাঁকে প্রায় আড়াল হয়ে যাওয়া বারান্দায় দাঁড়ানো আমাকে কেউ না দেখলেও আমি সবাইকে দেখতে পাই। ওই তো ঈদের জামাতে লোকজন সিজদা দিল। বাবাও নিশ্চয় আছেন সেখানে। নামাজ শেষ হতে হতে আবার বৃষ্টি না এলেই হয়।একটু একটু পানি জমে থাকায় রাস্তায় লোকজন সাবধানে হাঁটাচলা করছে। ঈদের দিন বলে কথা। কে চায় শখ করে সাজপোশাক নষ্ট করতে! সাদা জামা পরা এক কিশোরী চেহারায় রাজ্যের বিরক্তি নিয়ে যাচ্ছে। ভালোমতো খেয়াল করতেই দেখলাম, সাদা সালোয়ারটায় কাদার ছিটে লেগেছে; কোনো বেপরোয়া ড্রাইভারের কাণ্ড হবে হয়তো। আহা বেচারি, ওই দাগ তুলতে কষ্ট হবে। ‘ক্রিং ক্রিং...’ টেলিফোনটার আওয়াজে সচকিত হই। বড় খালা হবেন হয়তো। আজকাল আর কারও সঙ্গে তেমন যোগাযোগ নেই।‘হ্যালো...’‘হ্যালো, জান! ঈদ মোবারক! কেমন আছো?’‘কে বলছেন? কাকে চান?’‘দেখো, জানু, ঈদের দিন ঢং করবে না তো! বলো দেখি, আমরা কোথায়, কখন দেখা করছি?’ ছেলেটার ন্যাকামো মার্কা কথায় গা জ্বলে যায় আমার।‘দেখুন, আপনি রং নম্বরে ফোন করেছেন। এভাবে ফোন করে হুট করে প্রেমালাপ শুরু না করে পরিচয় দিয়ে নিলে এমন ভুল হতো না।’ ঝাঁজের সঙ্গে বলি আমি।‘ওহ্, আই অ্যাম এক্সট্রেমলি সরি, আপু। আসলে ওর কণ্ঠটা না একদম আপনার মতো। আমি আসলে বুঝতেই...।’ বিনয় গলে গলে পড়ে তার কথায়। খটাস করে কিছুটা অভদ্রের মতোই ফোনটা নামিয়ে রাখি। রাগে গা চিড়বিড় করে আমার। মানুষ এমন অবিবেচকের মতো আচরণ করে কেন! পরক্ষণে আনমনা হয়ে যাই। এমন কেউ একজন তো আমারও ছিল। সিনেমায় দেখা ফ্ল্যাশব্যাকের মতো যেন পিছিয়ে যাই সেই দিনটায়।‘অ্যাই, শোনো!’‘কী?’‘ভালো আছো?’‘হুমম্।’‘মজা হচ্ছে না খুব?’‘খুব হচ্ছে।’‘জানো, আমি অনেক দিন এমন মজা করিনি। তুমি সঙ্গে থাকলেই আমার এত ভালো লাগে! আমাকে একা ফেলে যাবে না তো কখনো?’‘আবার জিগায়! কে যায় শখ করে পাগল পুষতে রে ভাই!’‘কী!’ কপট রাগে হাত ওঠাই ওকে মারতে। হাসে ও, মারটা আর গায়ে পড়ে না।ঈদের দিন বলে খুব সকালেই সাজগোজ করে বেরিয়ে পড়েছি। আজ কোনো বাধানিষেধ নেই। ওর সঙ্গেই কাটিয়ে দিই সারাটা দিন। কত মজা যে করতে পারে ছেলেটা! হাসতে হাসতেই ভাবি, এত সুখ সইবে তো!বাসায় ফিরি রাত ১০টার দিকে। ঢাকা শহরে রাত ১০টা এমন কোনো রাত নয়। কিন্তু একি!বাসার সামনে এত ভিড় কেন? কোনো দুঃসংবাদ নয় তো? ভয়ে বুকটা দুরু দুরু করে ওঠে। রিকশা থেকে নামতে না নামতেই বাবা ছুটে আসেন। তারপর আমাকে জড়িয়ে ধরে সেকি কান্না! কিছু বুঝে ওঠার আগেই পাড়ার উঠতি মাস্তানগুলো রিকশা থেকে টেনে নামায় ওকে। তারপর শুরু হয় এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি। হতবিহ্বল আমাকে কিছু বলা বা করার সুযোগ দেয় না ওরা। জোর করে ঘরে নিয়ে আসে। জ্ঞান হারাই আমি। বাইরের ওই তাণ্ডবলীলা চলে কতক্ষণ জানি না। জ্ঞান ফেরার পর সবকিছু শান্ত হয়ে এলে জানতে পারি সব। ছোট ফুপু নাকি দুপুরবেলা আমাকে দেখেন ওর সঙ্গে একই রিকশায়। আমাকে ডাক দিলেও আমি সাড়া দিইনি। তিলকে তাল করা স্বভাব তাঁর। তিনি ধারণা করে নেন, আমি বাড়ি থেকে পালিয়েছি। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করেন তিনি। বাবা একা মানুষ, সংসারে আমি ছাড়া কেউ নেই তাঁর। স্বভাবতই তিনি অস্থির হয়ে পড়েন। ভাগ্যের নির্মম পরিহাসে আমার মোবাইল ফোনটাও ছিল নষ্ট। ফুপুর কল্যাণে ঢাকার সব আত্মীয়স্বজন বিকেলের মধ্যে জেনে যান, আমি ঘর পালিয়েছি। অসহায় বাবা ভেবে পান না কী করবেন, কার কাছে যাবেন। এর পরের ঘটনা আমার জানা। আমি বারবার কল দিয়ে যাই ওর ফোনে। প্রতিবারই বন্ধ পাই। এত রাতে একা আমি কী করতাম, কোথায় খুঁজতাম ওকে? অজানা আশঙ্কায় কেটে যায় দীর্ঘ রাতটা।পরদিন দুপুর ১২টার দিকে ফোনের তীক্ষ্ম আওয়াজে ঘুম ভাঙে। ধড়মড়িয়ে উঠে বসি। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসে,‘হ্যালো, আমি সজল!’‘হ্যাঁ, দোস্ত, কেমন আছিস?’ অভ্যাসবশে জিজ্ঞেস করে বসি, সাতপাঁচ না ভেবেই।‘মানে? তুই কিছু জানিস না?’‘কী হয়েছে?’ কঁকিয়ে উঠি প্রায়।‘আমার বেস্ট ফ্রেন্ড তো আর বেঁচে নেই রে!’ কাঁদতে কাঁদতে বলে সে।সজলের বেস্ট ফ্রেন্ড! মানে আমার ও! বেঁচে নেই আর! স্তব্ধ হয়ে বসে পড়ি। অনুভূতিগুলো সব মরে যায়। কানে রিসিভার নিয়ে শুনে যাই সজল বলে যাচ্ছে, ‘কালকে রাতে কোনো একসময় ঘুমোতে আসে ও। ঈদের ছুটিতে ওর রুমমেটসহ মেসের প্রায় সবাই দেশের বাড়িতে। কেউই ওকে শেষবারের মতো দেখেনি। আজকে সকালে বেড়ানোর কথা ছিল, তাই ওকে ঘুম থেকে ওঠাতে যাই। ধাক্কাধাক্কির পর দরজা খুলছে না দেখে ভাবি, কালকে তোর সঙ্গে সারা দিন ঘুরেফিরে নিশ্চয়ই খুব ক্লান্ত, পড়ে পড়ে ঘুমুচ্ছে তাই। আরও কিছুক্ষণ ধাক্কাধাক্কির পরও খুলছে না দেখে দরজা ভেঙে ঢুকে পড়ি। দেখে মনে হচ্ছিল ঘুমাচ্ছে, কিন্তু সারা গায়ে আঘাতের চিহ্ন। কে এমন করল, কিছুই বুঝলাম না। ডাক্তার এসে বললেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে, সম্ভবত আত্মহত্যা। আমার মাথায়ই ঢুকছে না ওর মতো একটা ছেলে কীভাবে আত্মহত্যা...।’আমিও জানি না কার প্রতি অভিমানে ওর এই চলে যাওয়া। হয়তো আমার প্রতি ছিল এই অভিমান, হয়তো বা সব দোষ আমারই।চিন্তার জাল ছিঁড়ে যায় কলবেলের শব্দে। বাবা এসে পড়েছেন নামাজ শেষ করে। দরজা খুলতেই হাসিমুখে জানান, ‘ঈদ মোবারক, বেটি!’‘ঈদ মোবারক, বাবা।’‘আজকে একটু ভালো লাগছে, না?’‘আমার সব সময়ই খুব ভালো লাগে, বাবা।’ হাসিমুখে জবাব দিই।ভালো আছি আমি, খুব ভালো।নাদিয়া ইসলাম বড় মগবাজার, ঢাকা।