
‘রোদের পেখম মেলে’ শিরোনামে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল নিশাত হাসিনার একক আবৃত্তিসন্ধ্যা। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই কবিতাসন্ধ্যার আয়োজন করে অবসর সাংস্কৃতিক গোষ্ঠী। অনুষ্ঠানে নিশাত হাসিনা রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায়, নির্মলেন্দু গুনণ, মাহবুবুল আলম চৌধুরী, দিনেশ দাস, সৈয়দ শামসুল হক, দীপঙ্কর চক্রবর্তী, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, এজাজ ইউসুফী, রাশেদ রউফ ও মানজুর মুহাম্মদের কবিতা আবৃত্তি করেন। আবৃত্তির সঙ্গে রিয়ংকা দাশ নাচ পরিবেশন করেন। এ ছাড়া পটভূমির দৃশ্য হিসেবে স্লাইডে দেখানো হয় শোয়েব ফারুকীর তোলা আলোকচিত্র।
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত। তিনি নিশাতের সঙ্গে দ্বৈত কণ্ঠে আবৃত্তি করেন রবীন্দ্রনাথের ‘এক গাঁয়ে’ কবিতাটি। এ ছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতাসহ মোট চারটি কবিতা আবৃত্তি করেন তিনি।
জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতার মধ্য দিয়ে দুই ঘণ্টার এ অনুষ্ঠান শেষ হয়। আবৃত্তির ফাঁকে ফাঁকে ছিল কথামালা। সঞ্জিত বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদজায়া মোস্তারী শফি, কবি অরুণ দাশগুপ্ত, রীতা দত্ত, চৌধুরী হাসান মাহামুদ, শেখ মোহাম্মদ ওমর ফারুকসহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ও আবৃত্তি সংগঠন শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।