নিশির দিবানিশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিনা তানিন। ছবি: সুমন ইউসুফ
তানজিনা তানিন। ছবি: সুমন ইউসুফ

ভলিবল, ক্যারম, ব্যাডমিন্টন—সব খেলায় তিনি আছেন। তিনটি খেলার সব কটিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন তিনি। শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই অর্জন। খেলেছেন জাতীয় পর্যায়ে। তিনি তানজিনা তানিন, সহপাঠীরা নিশি নামে চেনেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর করছেন, আছেন প্রথম বর্ষে।
ক্রীড়াবিদ বাবা মো. আবু জাফরই তাঁর জীবনের প্রথম কোচ। তাঁর কাছেই খেলায় হাতেখড়ি। বাবা ছাড়াও মা হালিমা খাতুনের অনুপ্রেরণার কথা বলতে ভোলেননি তানজিনা। তাঁর মতে, বাবা আর মায়ের অনুপ্রেরণা ছাড়া কোনোভাবেই এত দূর আসা সম্ভব হতো না।
নিশির জন্ম চুয়াডাঙ্গায়। বাবা সরকারি কর্মকর্তা। তাই শৈশব আর স্কুল-কলেজ জীবন কেটেছে রংপুরে। সে সময় থেকেই খেলাধুলা শুরু। এরপর তাঁর খেলোয়াড়ি জীবনের গল্পটা শুধুই অর্জনের। ২০০৫ ও ২০০৬ সালে ব্যাডমিন্টনে আন্তস্কুল ও মাদ্রাসার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর জেলার চ্যাম্পিয়ন তিনি। ২০০৭ সালে গোলক নিক্ষেপে তৃতীয় হয়েছিলেন। এ ছাড়া আন্তস্কুল প্রতিযোগিতায় ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত পরপর চারবারের চ্যাম্পিয়ন তিনি।
কলেজজীবনে খেলার সুযোগ হয়ে না উঠলেও ক্রীড়া ক্ষেত্রে তানজিনার স্কুলজীবনের সাফল্য আর প্রাপ্তির গতিতে ভাটা পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালগুলোতে টানা চ্যাম্পিয়ন হয়েছেন। আর নিজের হল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ২০১৩ থেকে ২০১৫ সালের আন্তহল ক্রীড়া প্রতিযোগিতায় তিনবারের চ্যাম্পিয়ন তিনি। আন্তবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার বড় অর্জন তো রয়েছেই।
নিজের জীবনের মজার ঘটনার কথা বলতে গিয়ে বললেন, ‘আমি ছিলাম অঙ্কে কাঁচা। দ্বিতীয় শ্রেণিতে একবার অঙ্ক দৌড় দিয়েছিলাম। কিন্তু অন্যরা দৌড় শেষ করার পর দেখা গেল আমি তখনো বসে অঙ্ক করছি। আর অন্যরা পরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে।’ অঙ্কের দৌড়ে পিছিয়ে গেলেও পড়ালেখার দৌড়ে তিনি পিছিয়ে পড়েননি। জায়গা করে নিয়েছেন প্রাচ্যের অক্সফোর্ডে। এখন পর্যন্ত সিজিপিএ-৩.৬৫ নিয়ে বিভাগে তৃতীয় স্থান তাঁর। তবে ক্লাস আর পরীক্ষার জন্য অনেক সময় অনেক প্রতিযোগিতায় অংশ নিতে পারেন না। তাঁর কথা, ‘কী আর করা, পড়াশোনা তো আর বাদ দেওয়া যাবে না।’ বন্ধুদের সঙ্গে আড্ডা আর মজা করে বেড়ানোতেও তানজিনা এগিয়ে। বিভাগ আর হলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে মঞ্চে তো তাঁর ওঠা চাই-ই।
অনেক সাফল্যের ভিড়ে নিজের পছন্দের জায়গায় ওপরে রাখলেন ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের ভলিবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হওয়ার বিষয়টিকে। প্রতিটি সাফল্যই তাঁকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে বলেও জানালেন তিনি। আলাপের শেষে বলছিলেন, ‘খেলাধুলা আমার জীবনে সবচেয়ে সেরা প্রাপ্তিগুলো দিয়েছে। এটা আমার শখ ও ভালো লাগার জায়গা। শিক্ষাজীবন শেষেও খেলাধুলার সঙ্গেই থাকতে চাই।’