নিশীথ যাত্রা
আমার বদলি চাকরি। সেবার হুট করে আমাকে বদলি করা হলো খাগড়াছড়িতে। আমি বাসের টিকিট কাটার জন্য বাসস্ট্যান্ডে যাই। সেখানে গিয়ে জানতে পারি, খাগড়াছড়ি যাওয়ার কোনো বাস নেই। যদি যেতে হয়, লোকাল বাসে যেতে হবে। অনেকটা বাধ্য হয়েই এই কুয়াশার মধ্যে লোকাল বাসে চড়ে রওনা হতে হলো। বাসে উঠেই এক ধরনের ভ্যাপসা গন্ধ আমার নাকে এসে লাগল। সিটে বসেই কেমন জানি ঘুম চলে এল, আর আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বাসের ব্রেক কষার শব্দ। আমার ঘুম ভাঙল। দেখি, বাস থেমে আছে। বাসের হেলপারকে ডেকে বললাম, কী সমস্যা, বাস থেমে আছে কেন? হেলপার বলল, ‘বাসের চাকা নষ্ট হয়েছে, অতিরিক্ত কোনো চাকা নেই।’ আমি বললাম, তাহলে এখন কী করব? হেলপার বলল, মনে হচ্ছে, আজকের সারা রাত বাসে থাকতে হবে, তা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আজকের মধ্যে আমাকে যে খাগড়াছড়িতে যেতেই হবে। না গেলে আমার চাকরি নিয়ে টানাটানি। অগত্যা আমি বাস থেকে নেমে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করি। কেমন জানি ভয় ভয় লাগছিল। মনে হচ্ছিল, প্রকৃতির গাছগাছালি যেন আমার দিকে এক ধরনের রহস্যমাখা চোখে তাকিয়ে রয়েছে। আমি হাঁটতে হাঁটতে প্রায় দুই-তিন মাইলের মতো চলে আসি। হঠাৎ দূরে একটু আলো দেখতে পেলাম। একটু কাছে গিয়েই বুঝতে পারলাম, এটি একটি মুদির দোকান। একজন বৃদ্ধ লোক মুদির দোকানে বসে আছেন। তাঁর চাহনি দেখে মনে হচ্ছে, তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। আমি বেঞ্চটি টেনে তাঁর দোকানের সামনে বসলাম। বললাম, ‘চাচা আপনার দোকানে কি দুধ-চা আছে, থাকলে আমাকে এক কাপ করে দেন।’বৃদ্ধ লোকটি আমাকে বললেন, ‘আপনার বাস ঠিক হয়ে গেছে, নতুন চাকা লাগিয়ে ওরা আপনার জন্য অপেক্ষা করছে।’ আমি বললাম, আপনি এসব জানলেন কী করে? এ কথা বলেই আমি রাগ করে উঠে যাই এবং হাইওয়ে দিয়ে আবার হাঁটা ধরি। হাঁটতে হাঁটতে আমি হঠাৎ দূরে চেকপোস্ট দেখতে পাই। চেকপোস্টের কাছে গিয়ে দেখি, একজন পুলিশ। আমি তাকে না ডেকে সেখানে বসে পড়ি এবং আমার কেমন জানি মনে হয়, সবাই কেন যেন আমাকে ওই বাসে ওঠাতে চাচ্ছে। আর হঠাৎ আমি একটা তীব্র আওয়াজ শুনি, আর তাকিয়ে দেখি, বৃদ্ধ লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং হেসে হেসে বলছেন, ‘আপনার বাস ঠিক হয়ে গেছে, ওরা আপনার জন্য অপেক্ষা করছে।’ আমি রাগ করে বললাম, ‘বাস ঠিক হয়েছে, তো আপনার কী? আপনার আর কোনো কাজ নেই?’ তবুও লোকটি আমার দিকে কেমন জানি রহস্যের হাসি হেসেই যাচ্ছেন। বৃদ্ধ লোকটির কথা বিশ্বাস করে আমি আবার উল্টো দিকে হাঁটা ধরলাম। আমার পিছু পিছু বৃদ্ধ লোকটিও আসছেন। হঠাৎ গাড়ির তীব্র আলোয় আমার চোখ ঝাপসা হয়ে গেল। তাকিয়ে দেখি, আমারই এক বন্ধু। আমাকে দেখে আমার বন্ধু বলল, ‘তুই, এত রাতে এখানে কী করিস?’বললাম, ‘আমাকে চাকরির কাজে আজ রাতের মধ্যে খাগড়াছড়িতে যেতে হবে, তুই কি আমাকে লিফট দিবি।’ ও বলল, ‘অবশ্যই দেব, আমিও তো খাগড়াছড়িতে যাচ্ছিলাম।’ আমি ওকে বললাম, আমার সঙ্গে একজন বৃদ্ধ লোক আছেন, তাঁকে একটু সামনের চেকপোস্টে নামিয়ে দিতে হবে। আমার বন্ধু বলল, ‘কোথায় তিনি? আমি বললাম এই যে, কিন্তু আশ্চর্য ও বিস্ময়ের ঘটনা ঘটল তখনই। আমি পেছনে তাকিয়ে দেখি, কোনো বৃদ্ধ লোকের চিহ্নও নেই। দেখে আমার শরীর শিউরে উঠল।তাহজিব সেলিম আহমেদষষ্ঠ শ্রেণী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।