নিশীথ সূর্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য প্রকৃতির এক অপার বিস্ময়।মধ্যরাতে সূর্যের দেখা বা মধ্যরাতে সূর্যের আলো উপভোগ করা বিস্ময়কর বৈকি। মধ্য রাতে সূর্যের দেখা একবারই পাওয়া যায় না, এটা নির্ভর করে আপনি আর্কটিক এবং অ্যান্টার্টিক সার্কেলের কত কাছাকাছি যাচ্ছেন। এই দুটি সার্কেলের কাছাকাছি দেশগুলোতে ১৭ মে থেকে ২৮ জুলাই অর্থাৎ ৭৩ দিন ও ৭৩ রাত সূর্য ডোবে না। প্রতি মধ্যরাতে সূর্য দেখা যায়। আর নর্থপোলে পুরো ছয় মাস সূর্য অস্ত যায় না। সূর্য ওঠার পর ডোবে ছয় মাস পর। এই অঞ্চলগুলোতে ১৩১৬ সাল থেকে ‘মিডনাইট সান’ উৎসব পালিত হয়ে আসছে। প্রকৃতির সঙ্গে একাত্মতা জানিয়ে বিশেষ একটি দিনে হাজার হাজার উৎসবপ্রেমী এসে জড়ো হন পাহাড়ের পাদদেশে জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে। সুইডেনের উত্তরে কিরুনা শহরটি আর্টিক সার্কেলের খুব কাছাকাছি। মিড সামার (২৩ জুন) কাছাকাছি এলেই দেশি-বিদেশি পর্যটকে কিরুনা উপচে পড়ে। আকর্ষণ সুউচ্চ পাহাড় কিবনেকায়সার ওপর থেকে মধ্যরাতের সূর্য উপভোগ করা। সে সময় সূর্য শুধু দিগন্তরেখায় ঘোরাফেরা করে তবে ডোবে না। এমনই এক সূর্যকে দেখার আশায় ছুটে গেলাম কিরুনায়। অনেক বড় শহর, তবে জনসংখ্যা মাত্র এক হাজার ৮০০। ঘড়ির কাঁটায় রাত তখন ১০টা। সূর্য একটু হেলেছে তবে গাছের মাথায়। চারদিকে প্রচুর আলো। কিবনেকায়সা পাহাড়ে ওপরে ওঠার পথটি পাথরকুচি বিছানো। খাড়া পথ, সোজা ড্রাইভ করে ওপরে ওঠা যায়, তবে বিপজ্জনক। ওপরে যখন উঠে এলাম, তখন ঘড়ির কাঁটা রাত ১২টার সংকেত দিচ্ছে। আমার মতো অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ওপরে উঠে এসেছেন। সূর্য দিগন্তরেখার কাছাকাছি নেমে এল। আলো একটু ম্লান হলেও উজ্জ্বল। আশপাশে অনেকেই বসে আছেন সূর্যের দিকে তাকিয়ে। রাত প্রায় দুইটা। সূর্য ধীরে ধীরে দিগন্তরেখার ডান দিকে সরে গেল। কিছুক্ষণ পর আরও একটু ডানে। আরও ডানে। মনে হয়, দিগন্তরেখায় একা একাই হাঁটছে সূর্য। এভাবে ডানে সরেই একসময় দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। মনে হয়, পদচারণ শেষ হয়েছে। এবার ওপরে ওঠার প্রস্তুতি। তাই ধীরে ধীরে ওপরে উঠছে সে, সঙ্গে আলোকচ্ছটাও হচ্ছে উজ্জ্বল। এ এক অভাবনীয় মুহূর্ত। অনেকে মিডনাইট সান দেখতে এসে ঘুমের ব্যাঘাতে অসুস্থ হয়ে পড়েন। তবুও এই সূর্যকে উপেক্ষা করা যায় না। উপেক্ষা করা যায় না দিগন্তরেখায় সূর্যের পদচারণ। মধ্যরাতের সূর্যের আলোয় আপনি সারা রাত ক্রিকেট কিংবা ফুটবল খেলে কাটিয়ে দিতে পারেন। আর যদি মাছ ধরার শখ থাকে, তবে তো কথাই নেই; আসুন না, সারা রাত সাগরে মাছ ধরে কাটিয়ে দেবেন!সুইডেন, স্টকহোম[email protected]