নিশুতি রাত, রহিমা খালা ও কয়েকটি আর্তনাদ
‘ওরে বাদল রে, আন্ধার ক্যানরে, বাত্তি কইরে বাদইল্যা...?’ হুড়মুড় করে বিছানা ছেড়ে উঠলাম। অনেকক্ষণ সময় লাগল ধাতস্থ হতে। ঘরভর্তি সত্যিই অন্ধকার। কিছুই দেখা যায় না। ঘটনাটা কী?‘বাদইল্যা রে...।’কণ্ঠটা চিনতে পারলাম। এটা তো রহিমা খালার কণ্ঠ! খালা আমার বাসায় করছেটা কী! হঠাৎ করেই সবকিছু মনে পড়ে গেল। রহিমা খালা আজ বিকেলেই ঢাকায় এসেছেন। উদ্দেশ্য চোখের ছানির অপারেশন। অপারেশন করতে যত দিন লাগে এখানেই থাকবেন। অন্ধকারে ইতিমধ্যে চোখ সয়ে এসেছে। বিছানায় দেখলাম আমার স্ত্রী বেঘোরে ঘুমোচ্ছে। খালার গগনবিদারী চিৎকার ওর ঘুমের সামান্যতম ব্যাঘাতও ঘটায়নি। কোনোমতে হাতড়ে-পাতড়ে চার্জলাইট জ্বালালাম। আমার আইপিএস নেই। চার্জলাইটই তাই ভরসা। তড়িঘড়ি করে খালার রুমে ঢুকে দেখি খালা চোখ বড় বড় করে ব্যাঙের মতো ঘাপটি মেরে বসে আছেন।‘বাদইল্যা রে, বাত্তি নিভাইল কেডা? চাইরদিক খালি আইন্ধার।’ ‘খালা, বিদ্যুৎ চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।’ ‘বিদ্যুৎ যাইব কেরে, আমগো বাড়িত তো বিদ্যুৎ যায় না।’ ‘খালা, গ্রামে আপনার বাড়িতে তো যতদূর জানি এখনো বিদ্যুতের সংযোগই হয়নি।’ খালাকে মনে করিয়ে দিই আমি।‘না হইছে, ভালা হইছে। আসা-যাওয়ার কোনো ঝামেলা নাই।’খালার কথা শেষ হওয়ার আগেই বিদ্যুৎ চলে এল। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। খালাকে বললাম, ‘খালা, আমি এই চার্জলাইটটা আপনার কাছেই রেখে যাচ্ছি। এই যে এই সুইচটা টিপলেই লাইট জ্বলবে।’রুমে ঢুকে শুয়ে পড়তেই গভীর ঘুমে তলিয়ে গেলাম।‘বাদইল্যা...ওরে বাদইল্যা...বাত্তি কইরে...।’বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। খালা আবার আর্তনাদ শুরু করেছেন। ব্যাপারটা কী, চার্জলাইট না দিয়ে এলাম। ‘কী ব্যাপার খালা, চার্জলাইট জ্বালাননি কেন?’‘ওরে বেকুব, আন্ধারে চার্জলাইট পামু কনে, খুঁইজ্যাই তো পাই না।’মেজাজটা যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলাম। কিন্তু সে চেষ্টার গুড়েবালি। বিদ্যুৎ চলে এল। রাতবিরাতে কী তামাশা শুরু করল।‘খালা, আমি চার্জলাইটটা জ্বালিয়েই যাচ্ছি। তবে এরপরের বার যদি কোনো দরকার পড়ে, একটু আস্তে ডাকলে ভালো হয়। হার্টের ওপর প্রেসার পড়ে, খালা।’গজর গজর করতে করতে নিজের রুমে ফিরে এলাম। ঘড়িতে তাকিয়ে দেখি আড়াইটা বাজে। কাল অফিসে বোধ হয় ঘুমিয়েই কাটাতে হবে। কী আর করা, আবার শুয়ে পড়লাম বিছানায়। একেবারে পাক্কা ২০০টা ভেড়া গোনার পর ঘুম এল।‘বাদইল্যা...ওরে বাদইল্যা...বাদইল্যা রে...।’এবার ঘুম ভেঙে ভালোই হলো। বিদঘুটে একটা স্বপ্ন দেখছিলাম—আমি মার্কেটে গেছি চার্জলাইট কিনতে। একটা বিশাল ইলেকট্রনিকস শপে বসে খালা একের পর এক চার্জলাইট এনে দিচ্ছেন, কিন্তু আমি একটারও সুইচ খুঁজে পাচ্ছি না। খালা হঠাৎ ব্যাঙের মতো লাফাতে শুরু করে দিলেন। লাফাচ্ছেন আর বলছেন, ‘বাত্তি জ্বালা, বাদইল্যা বাত্তি জ্বালা।’‘বাদইল্যা...।’ঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে তিনটা বাজে। বিদ্যুৎ তো যায়নি, খালার এবারের ডাকাডাকির রহস্য কী?‘কী ব্যাপার খালা, বিদ্যুৎ তো যায়নি!’‘বিদ্যুৎ যায় নাই তো কী হইছে? তোর সাজলাইট তো নিভা গেছে।’মানুষ অধিক শোকে পাথর হয়, আমি হলাম বরফ। বরফ গলা কণ্ঠে বললাম, ‘খালা, কোনো সমস্যা নেই, বিদ্যুৎ বোধহয় আর যাবে না। আপনি নিশ্চিন্তে ঘুমান।’রুমে ফিরে ধপাস করে বিছানায় পড়লাম। আর ঘুম আসবে বলে মনে হচ্ছে না। এলেও খালা যে আবার ভাঙাবেন না, তার কোনো গ্যারান্টি নেই।হঠাৎ করে একটা ব্যাপার মাথায় এল। খালা কিন্তু নিয়ম করে এক ঘণ্টা পর পর আর্তনাদ করছেন। তার মানে এর পরের চিৎকার হবে সাড়ে চারটায়। সে ক্ষেত্রে সাড়ে চারটায় অ্যালার্ম দিয়ে রাখলেই হলো। খালা মুখ খোলার আগেই খালার রুমে গিয়ে হাজির হতে পারব। অতএব, সাড়ে চারটায় অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম।অ্যালার্ম যথাসময়ে না বাজার কোনো কারণ নেই। ঠিক সাড়ে চারটায় অ্যালার্ম বাজল। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার স্ত্রীও অ্যালার্মের শব্দে জেগে উঠল। ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে।‘কয়টা বাজে?’‘সাড়ে চারটা।‘সাড়ে চারটায় অ্যালার্ম দিয়েছ কেন?’‘এমনি।’‘এমনি! রাত-বিরাতে ফাজলামি করো? সকালটা হোক, তোমার বারোটা বাজাব, দাঁড়াও।’আমি প্রচণ্ড আতঙ্কিত বোধ করলাম। আল্লাহই জানেন, সকালে কী আছে কপালে।‘বাদইল্যা..., ও বাদইল্যা...।’যাক, খালার চিৎকারের আগেই ঘুম ভেঙেছে। আমার আয়ু বোধ হয় একদিন বাড়ল। ‘কী ব্যাপার খালা?’‘তোর সমস্যা কী, এইটা তো বুঝলাম না। রাতবিরাতেই গানবাজনা শুরু করছত। তোর বাড়িতে কি শান্তিমতো ঘুমাইতেও পারতাম না?’এটা আমি কী শুনলাম। মনে হলো, তিন-চারটি বজ্র সমবেতভাবে আমার মাথায় পতিত হয়েছে। কোনোমতে টলতে টলতে বললাম, ‘খালা, গানবাজনা নয়, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আপনি ফজরের নামাজ পড়বেন, এই জন্য।’‘ও আইচ্ছা, তাই ক। কিন্তুক এই জন্য গানবাজনার কী দরকার।’ মো. জায়িদ-উস-সালেহীননোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।