নিশোর পছন্দ সমুদ্রসৈকত, মায়ের নদীর পাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল ও অভিনয়শিল্পী নিশো। তাঁর মা আনজুমান আরা হামিদ একজন গৃহিণী। এবারের দুই প্রজন্মে এই মা-ছেলে বলেছেন তাঁদের পছন্দ-অপছন্দের কথা।

মায়ের সঙ্গে নিশো। ছবি: অধুনা
মায়ের সঙ্গে নিশো। ছবি: অধুনা

১. কোন ধরনের গান পছন্দ?
নিশো: বাংলা, হিন্দি ও ইংরেজি সব ধরনের রক গান। মেলোডিয়াস গানও পছন্দ।
মা: পুরোনো দিনের গান। বিশেষ করে দুই বাংলার পুরোনো দিনের আধুনিক গানই আমার পছন্দ।

২. পছন্দের পোশাক কী?

নিশো: জিনস ও টি-শার্ট। শীতকালে এগুলোর সঙ্গে যেকোনো ধরনের ক্যাজুয়াল জ্যাকেট পরতে পছন্দ করি।
মা: যেকোনো শাড়ি। একটু আলাদা করে বলতে গেলে টাঙ্গাইলের তাঁতের শাড়ি আমার বেশি পছন্দ।

৩. টেলিভিশনে কী দেখতে ভালোবাসেন?

নিশো: রিয়েলিটি শো ও অ্যাডভেঞ্চার বা অভিযানের অনুষ্ঠান দেখতে ভালো লাগে।
মা: নাটকই আমার বেশি পছন্দ।

৪. কোথায় ঘুরতে পছন্দ করেন?

নিশো: কক্সবাজারে সমুদ্রসৈকতে ঘুরতে পছন্দ। দেশের বাইরে থাইল্যান্ডের পাতায়া।
মা: নদীর পাড় ও গ্রামের মুক্ত পরিবেশে ঘুরতে বেশি পছন্দ।

৫. প্রিয় চলচ্চিত্র?

নিশো: যেকোনো ধরনের যুদ্ধের ছবি। সেভিং প্রাইভেট রায়ান, প্লাটুন ও দ্য পিয়ানিস্ট আমার প্রিয় ছবি।
মা: ময়নামতি, পিচঢালা পথ ও নীল আকাশের নীচে—এ তিনটি সিনেমা আমার প্রিয়।

৬. প্রিয় খাবার?

নিশো: খিচুড়ির সঙ্গে গরুর মাংস ভুনা।
মা: সাদা ভাতের সঙ্গে যেকোনো ধরনের ছোট মাছ।

৭. রেগে গেলে কী করেন?

নিশো: বেশি জোরে চিৎকার করি। ১০-১৫ মিনিট পর শান্ত হই।
মা: রেগে গেলে চুপ হয়ে যাই, একা একা থাকি। তবে বেশিক্ষণ রাগ থাকে না।

৮. বিরক্ত লাগে..

নিশো: যখন অকারণেই কেউ অবিশ্বাস করেন। চেষ্টা করেও তা দূর করা যায় না।
মা: যখন কাছের মানুষ কথা শোনে না, বিশেষ করে আমার ছেলেমেয়েরা, তখন খুবই বিরক্ত লাগে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন