নিশ্চুপ চলে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিলের পানিতে ছায়া ফেলেছে শরতের মেঘদল। অদূরে রাজাধানীর সু-উচ্চ অট্টালিকার একাংশ দৃশ্যমান। এর মধ্যে অকস্মাৎ, একটা প্রাণহীন মানুষের হাত মস্ত বড় প্রশ্নবোধক হয়ে যেন চোখের সামনে ঝুলে থাকে। সমস্ত নান্দনিতকা খুইয়ে মুহূর্তেই ছবিটা কদর্য হয়ে ওঠে। সংবাদ ক্যাপশনের গায়ে চোখ বুলিয়ে আমরা জেনে নিই, এ এক অজ্ঞাত যুবকের লাশের ছবি ( সূত্র: প্রথম আলো। ২ অক্টোবর, ২০১০)। প্রাণহীন হাতটা উঁচিয়ে আছে আসমানের দিকে। মৃত্যুর আগে মানুষটার শেষ আকুতি যেন! শেষ মুহূর্তে মানুষটা হয়তো কাউকে খুব ব্যাকুল হয়ে খুঁজছিল। হয়তো কোনো প্রিয়জন, মায়ের কোমল স্পর্শ। অথবা শুধু কারও সাহায্য পাওয়ার আশায় সে বাড়িয়ে দিয়েছিল একখানা হাত! নিত্যকার খুন আর রাহাজানির খবর কি আমাদের অনুভূতিগুলোকে খুব বেশি ভোঁতা করে দিয়েছে? মৃত্যু আর হত্যার ভয়াবহতা কি আমাদের আজ আগেকার মতো করে নাড়া দেয় না? ছবিটা দেখার পর এই প্রশ্নগুলোই বারবার মাথায় ঘুরপাক খেতে থাকে। ‘অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার’ জাতীয় খবরে আমরা প্রতিদিনকার সংবাদ পাঠকেরা সম্ভবত আজকাল খুব বেশি গা করি না আর। কিন্তু এই ছবিটা সেই ভোঁতা হয়ে যাওয়া অনুভূতিকে ভীষণভাবে জাগিয়ে তোলে। একজন যুবকের জীবনের আকস্মিক পরিসমাপ্তি, সহায়-স্বজনহীন তার নিশ্চুপ চলে যাওয়া, আমাদের খুব করে ব্যথিত করে। —ই.হো. চৌ.