
ঠিকমতো নিশ্বাস নিচ্ছেন? নাকি সময়ের অভাবে তারও অবকাশ নেই। ব্যস্ততার কারণে তৈরি মানসিক অশান্তিগুলো কিন্তু চাইলেই দূরে ঠেলে দিতে পারেন। তাও আবার নিশ্বাসের ওপর নির্ভর করেই। বলছিলাম যোগব্যায়াম বা ইয়োগার কথা। ইয়োগার বিভিন্ন আসন করা হয় নিশ্বাসের ওপর ভিত্তি করেই। শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক প্রশান্তিও খুঁজে পাওয়া যাবে যোগ বা ইয়োগার বিভিন্ন আসনের মধ্যে। এমনটাই বলেন বিশেষজ্ঞরা।
ইয়োগার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিশ্বাস নেওয়া। এই নিশ্বাসের সাহায্যে রাগ কমানো যায়, অবসাদ কাটানো যায়, যাঁরা অতিরিক্ত ওজন বা ওবেসিটিতে ভুগছেন তাঁদের ক্ষুধাও কিছুটা হলেও কমানো যায়। ইয়োগানিকার প্রধান ইয়োগা প্রশিক্ষক আনিকা রাব্বানি বলেন, ‘ইয়োগা অর্থ হচ্ছে শরীর ও মনের যোগ। এই যোগটা সম্পন্ন হয় নিশ্বাসের মাধ্যমে। মানুষ নিশ্বাস নিতে নিতে প্রাণায়ামের মধ্য দিয়েই নানা আসন করে।’
প্রাণায়াম করার সাধারণ যেসব পদ্ধতি আছে সেগুলো যেকোনো জায়গাতে বসেই করা যায়। কর্মক্ষেত্রে নিজের জায়গাতে বসেও চটপট করে ফেলতে পারবেন। দেখবেন মানসিকভাবে অনেকটাই হালকা বোধ করছেন। দিনে একবার করা গেলেও উপকার পাবেন। পারসোনা জিমের প্রধান প্রশিক্ষক ফারজানা খানম বলেন, ‘মানসিক অবসাদ, ক্লান্তি, দুশ্চিন্তা, চিন্তা ও মানসিক চাপ থেকে বের হয়ে আসার জন্য প্রাণায়াম সব থেকেই বেশি কার্যকর। আসনের থেকেও বেশি কার্যকর ভূমিকা রাখে প্রাণায়াম। মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা, চঞ্চলতা, অস্থিরতা কমিয়ে আনা ও স্মৃতিশক্তি ভালো করার জন্যেও প্রাণায়াম ভালো।’
একের ভেতর দুই
এ আসনটির মাধ্যমে পা ও হাত দুটি ক্ষেত্রেই উপকার পাওয়া যাবে। এতে পা দুটি পেছনে বজ্রাসনের মতো করে বসার কারণে পা, নিতম্ব, গোড়ালিতে টান অনুভব করা যায়। এভাবে হাঁটু ভাঁজ করে বসার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয়, খাবার হজম হয় সহজে ও রক্ত চলাচল সহজতর হয়। এ ছাড়া এই আসন বাতের ব্যথা কিছুটা কমিয়ে আনে। এটি করার মধ্য দিয়ে হাত, পিঠ ও কাঁধে টান টান ভাব অনুভূত হবে।
ঊর্ধ্বমুখী সোয়ানাসনা

এ আসনটি দেহভঙ্গি সুন্দর করার পাশাপাশি অবসাদ, বিষণ্নতা দূর করতে সহায়তা করে। মেরুদণ্ড, হাত ও কবজির শক্তি বাড়াবে। যাঁরা হাঁপানি রোগের কারণে কষ্ট পাচ্ছেন এই আসনে তাঁরা কিছুটা উপকার পাবেন।
আস্তাঙ্গা ইয়োগা

কবজি, হাত ও পেটের শক্তি বাড়ায়। দেহভঙ্গি উন্নত ও দেহের ভারসাম্য উন্নত করে।
সুপ্ত বজ্রাসন

হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসজনিত সমস্যা থাকলে এ আসনটি থেকে উপকার পাবেন। এটি মস্তিষ্কে রক্তসঞ্চালনে সহায়তা করে, যা সৃজনশীল কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। রাগ ও আক্রমণাত্মক মনোভাব কমিয়ে আনবে। মনকে শান্ত রাখবে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।
আনুলোমা ভিলোমা প্রাণায়াম

চোখ বন্ধ করে নিজেকে শিথিল করার চেষ্টা করুন। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে নাকের ডান পাশের ফুটো চাপ দিয়ে বন্ধ করুন। এবার নাকের বাঁ পাশের খোলা দিক দিয়ে নিশ্বাস নিন। কয়েক সেকেন্ড নিশ্বাস ধরে রাখুন। এবার ডান পাশের নাকটি খুলে দিন। নাকের বাঁ পাশের অংশটি মধ্যমা ও কনে আঙুল দিয়ে বন্ধ করুন। আটকে রাখা নিশ্বাস এবার নাকের ডান পাশের ফুটো দিয়ে বের বরে দিন। একইভাবে ডান পাশের ফুটো দিয়ে নিশ্বাস নিয়ে ফুটোটি বন্ধ করে দিন। এবার বাঁ পাশের ফুটো দিয়ে নিশ্বাস ছেড়ে দিন। দিনে পাঁচবার করুন। সকালে অথবা সূর্যাস্তের সময়।
হাল আসন

পেটের বিভিন্ন সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। চর্বি কমায়। উচ্চরক্তচাপ কমায়। মাসিকের সমস্যা কমিয়ে আনে। তবে মাসিক চলা অবস্থায় এ আসনটি করা যাবে না। স্মৃতিশক্তি বাড়ায়, চেহারায় তরতাজা ভাব ও তারুণ্য ধরে রাখে। শিরদাঁড়া নমনীয় ও শক্তিশালী করে তোলে।
আধো মুখা সোয়ানাসনা

মস্তিষ্ক শান্ত রাখে। মানসিক ও শারীরিক অবসাদ কমাতে সহায়তা করে। কর্মশক্তি বাড়ায়। মাথাব্যথা, অনিদ্রা দূর করে।
ঊর্ধ্ব ধনু আসন

মানসিক ও শারীরিক উদ্দীপনা বাড়িয়ে তুলতে ও বিষণ্নতা কমাতে সহায়তা করে।
এ ছাড়া মেডিটেশন করতে পারলে উপকার পাবেন। কারও সহায়তা না পেলেও মেডিটেশন করা সম্ভব। চোখ বন্ধ করে সারা দিন কী কী কাজ করেছেন তার একটা খসড়া করে ফেলুন মনে মনে। এর মধ্যে খারাপ ও ভালো কাজগুলো আলাদা করে ফেলতে হবে। পরদিন থেকে ভালো কাজ করার প্রতিজ্ঞা করুন। এভাবেই নিজেকে নিজে অনুপ্রাণিত করতে পারবেন।