নিষিদ্ধ আল-মোহাজিরিন নেতা আনজামসহ আটক ৯

কাউন্টার টেরর পুলিশের স্কোয়াড লন্ডনের বিভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে আল-মোহাজিরিনের সাবেক সভাপতি ও লন্ডনের ইসলামিক নেতা আনজাম চৌধুরীসহ নয়জনকে আজ সকালে আটক করেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের মিডিয়া উইং এ সংবাদ নিশ্চিত করেছে।
জঙ্গিসংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এবং ব্রিটেনে জঙ্গিদের সম্ভাব্য হামলা মোকাবিলায় চলমান তদন্তে এই নয়জনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরর পুলিশ। আইএসের জিহাদ ঘোষণা, ইউটিউবে ব্রিটিশ মুসলমানদের আইএস জঙ্গিদের সহযোগী হওয়ার খবর প্রচার এবং তারা সেখান থেকে ফিরে এসে ব্রিটেনের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এমন সতর্কবাণী ও গোয়েন্দা রিপোর্টে জোরাল সতর্কতা জারির পর থেকেই অভিযানে নামে কাউন্টার টেরর পুলিশ।

উল্লেখ্য, পাকিস্তানি বংশোদ্ভূত আনজাম চৌধুরী ২০১০ সালে আল-মোহাজিরিনের সভাপতির দায়িত্বে ছিলেন। অ্যাসোসিয়েটস প্রেস জানিয়েছে, আল-মোহাজিরিন বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত। বর্তমানে নিষিদ্ধ। ধারণা করা হচ্ছে, কাউন্টার টেরর পুলিশ আনজাম চৌধুরীকে আইএসের ব্যাপারে প্রশ্ন করতে পারে।
গত বছর ব্রিটিশ সৈনিক ফুসিলিয়ার লি রিগবিকে মাইকেল অ্যান্ড মাইকেল আডিবোলাজো হত্যা করে শোরগোল ফেলেছিল। পরদিন ব্রিটিশ মিডিয়ায় এক সমাবেশে এই আনজাম চৌধুরীর পাশে আডিবোলাজোর ছবি প্রকাশিত হয়। এরপর আরও হইচই ফেলে দেয়। তখন আনজাম চৌধুরী জানিয়েছিলেন, তিনি আডিবোলাজোকে চেনেন।
টেরর পুলিশ লন্ডন, স্টোক অন ট্রেন্টের বেশ কিছু বাসাবাড়ি, ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। তারা জানিয়েছে, এটা ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে চলমান অভিযান এবং জনসাধারণের নিরাপত্তার ব্যাপারে আশু কোনো হুমকি এখনো সৃষ্টি হয়নি। পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, আটক হওয়া বাকিদের বয়স ২২ থেকে ৪৭ বছর।
এদিকে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ইনডিপেন্ডেন্ট তাদের এক রিপোর্টে বলেছে, লন্ডনের এই মুসলমান নেতা ও ইমাম আনজাম চোধুরী সিরিয়ায় আইএস জঙ্গিদের হাতে আটক চ্যারিটি ওয়ার্কার অ্যালেন হেনিংয়ের ব্যাপারে কোনো ধরনের সহানুভূতি পোষণ করেন না।
সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য