কক্সবাজার সৈকত: মৎস্য বিভাগের অভিযানেও কোনো ফল হচ্ছে না
নিষিদ্ধ জালে চিংড়ি পোনা আহরণ চলছেই
কক্সবাজার সৈকতে নিষিদ্ধ জালে চিংড়ি পোনা আহরণ বন্ধে সাত মাসে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালানো হয় শতাধিক। কিন্তু এসব অভিযানেও ফল হচ্ছে না। নিষিদ্ধ জালে পোনা আহরণ চলছেই।
স্থানীয় লোকজন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপে জানা যায়, অভিযানের সময় পোনা আহরণকারীরা অনেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে পোনা আহরণ কাজে লেগে পড়ে।
মত্স্য বিশেষজ্ঞদের তথ্যমতে, একটি চিংড়ি পোনা ধরতে গিয়ে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির অন্তত আরও ২৫টি মাছের পোনা। ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। মত্স্যশূন্য হচ্ছে বঙ্গোপসাগর।
গত বৃহস্পতিবার সকালে শহরের নাজিরারটেক সৈকতে গিয়ে দেখা গেছে, দুই-তিনজনের একাধিক দলে বিভক্ত হয়ে শতাধিক নারী-পুরুষ ও শিশু উপকূলে চিংড়ি পোনা আহরণ করছে। পোনা আহরণে ব্যবহার করা হচ্ছে বিহিন্দি, মশারি ও কারেন্ট জাল। এরপর বালুচরে গোল করে বসে পানি থেকে বাছাই করা হচ্ছে চিংড়ি পোনা। এ সময় অন্যান্য প্রজাতির মাছের পোনা বালুচরে ফেলে দেওয়া হচ্ছে।
নাজিরারটেক এলাকার শুঁটকি শ্রমিক আবদুল কাদের (৪৮) জানান, এখন উপকূলে বিপুল পরিমাণ চিংড়ি পোনা ধরা পড়ছে। একজন ৫ থেকে ২০ হাজার পর্যন্ত চিংড়ি পোনা আহরণ করছে। প্রতিটি পোনা বিক্রি হচ্ছে এক টাকা করে। বর্ষার কারণে শুঁটকি উৎপাদন বন্ধ থাকায় লোকজন পোনা ধরতে নেমেছে।
একই গ্রামের জেলে সামিউল ইসলাম (৩৬) বলেন, নাজিরারটেক থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানে এখন অনেক মানুষ চিংড়ি পোনা ধরছে।
সৈকতের নাজিরারটেক এলাকা থেকে চিংড়ি পোনা আহরণকারী গৃহবধূ ছাদেকা বেগম (৩৭) বলেন, ‘ভোরে ভাটার সময়ে সাগরে নেমে মশারি জাল দিয়ে পোনা সংগ্রহ করি। এরপর পাড়ের এসে অন্য সব পোনা ফেলে দিয়ে শুধু চিংড়ির পোনা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।’
নাজিরারটেক ছাড়াও সৈকতের সমিতিপাড়া ও ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টেও নারী-পুরুষ ও শিশুকে চিংড়ি পোনা আহরণ করতে দেখা যায়।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, উপকূলে চিংড়ি পোনা আহরণকারীদের ৯০ শতাংশ নারী-পুরুষ মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা। শহরের বিভিন্ন পাহাড়-জঙ্গলে অবৈধ বসতির পাশাপাশি তারা সমুদ্রে নেমে নিষিদ্ধ জাল দিয়ে চিংড়ি পোনা ধরছে।
জেলা মত্স্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, ‘আমরা বিভিন্ন সময় ঘটনাস্থলে গিয়ে চিংড়ি পোনা আহরণকারীদের আটক করি। কিন্তু পর্যাপ্ত জনবল সংকটের কারণে ১২০ কিলোমিটার সৈকত নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। চলতি সালের গত সাত মাসে শতাধিক অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার নিষিদ্ধ পোনা উদ্ধার করা হয়েছে। মত্স্য আইনে চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করলে জেল-জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তারপরও অবৈধভাবে পোনা আহরণ ও বিক্রি চলছে।’
কক্সবাজার সদর উপজেলার জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা মইন উদ্দিন আহমদ বলেন, চিংড়ি পোনার সঙ্গে অন্যান্য প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী উঠে আসে। আহরণকারীরা চিংড়ি পোনাটি বাছাই করার পর অন্য প্রজাতির পোনা ফেলে দেয়। ফলে আহরণকারীদের হাতে প্রতিদিন অন্য প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। আহরণকারীদের হাতেনাতে ধরে ঘটনাস্থল থেকে জেল জরিমানা করা হচ্ছে।