নিষিদ্ধ জালে মাছ শিকার চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে অন্তত ৭০ কিলোমিটারজুড়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার চলছেই। ফলে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এ নিয়ে জেলেদের মধ্যে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে উপজেলা মৎস্য কার্যালয়, কিন্তু তা কাজে আসছে না।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গোরকঘাটা, আদিনাথ মন্দিরসংলগ্ন এলাকা, মুদিরছড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট, বদরখালীসংলগ্ন এলাকা, মাতারবাড়ি, ধলঘাটা, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, বড়দিয়া, ঝাপুয়া ও হামিদিয়ারচর এলাকায় মাছ শিকারে জেলেরা ব্যবহার করছেন কারেন্ট জাল। পাশাপাশি নিষিদ্ধ বিহিন্দি, মশারি ও বেড়জাল দিয়েও মাছ শিকার চলছে। সরেজমিন ঘুরেও এর সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, জোয়ারের সময় জেলেরা চরে খুঁটি গেড়ে জাল ফেলেন। পরে ভাটায় পানি নেমে গেলে মাছ সংগ্রহ করা হয়। জালে আটকে যায় বড় মাছের পাশাপাশি নানা প্রজাতির পোনাও। জেলেরা অনেক সময় পোনাগুলো ফেলে দেন। এভাবে প্রতিদিন হাজার হাজার মাছের পোনা ধ্বংস হচ্ছে বলে জানান জেলেরাও।কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকার বাসিন্দা জেলে নুরুল আলম বলেন, ‘আমরা জানি, কারেন্ট জাল নিষিদ্ধ। কিন্তু কী করব, পেটের দায়ে করতে হচ্ছে। তবে মাছের পোনা যাতে ধ্বংস না হয় সেই চেষ্টা করব।’মৎস্য কার্যালয়ের হিসাব মতে, মহেশখালী উপকূলে প্রতিদিন সাত শতাধিক কারেন্ট জাল, এক হাজার ২০০ মশারি জাল, ৪০০ বেড়জাল ও ২৫০ বিহিন্দি জাল ফেলে মাছ ধরা হয়।স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী জানান, নিষিদ্ধ এসব জাল দিয়ে মাছ ধরা বন্ধ না হলে বড় ক্ষতি জেলেদেরই হবে। কারণ, একসময় মৎস্যশূন্য হয়ে পড়বে উপকূলের আশপাশের এলাকা। এ জন্য জেলেদের মধ্যে সচেতনতা তৈরির বিষয়ে আরও জোর দিতে হবে। আর নিষিদ্ধ জালে মাছ ধরা বন্ধ করতে অভিযান ও তদারকিও বাড়াতে হবে। জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলা মৎস্য কর্মকর্তার পদটি দুবছর ধরে শূন্য। কার্যালয়ে আছেন একজন অফিস সহকারী ও একজন পিয়ন। ফলে মাঠপর্যায়ে তদারকির কাজ বাধাগ্রস্ত হচ্ছে। যার সুযোগ নিচ্ছেন জেলেরা।কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ জানান, ইতিমধ্যে কোস্টগার্ডের মাধ্যমে সাগরে বেশ কয়েকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয়েছে। অভিযান চলানো হলে কয়েক দিন মাছ ধরা বন্ধ থাকে। কিন্তু সপ্তাহ না ঘুরতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে আবার মাছ শিকার শুরু করেন জেলেরা। উপকূলীয় এলাকায় শিগগির অভিযান চালানো হবে।