নিষেধাজ্ঞা না মেনে চলছে অতিরিক্ত মালবোঝাই ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেহাল ফটিকছড়ির গহিরা–হেঁয়াকো সড়ক দিয়ে ঝঁুকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো
বেহাল ফটিকছড়ির গহিরা–হেঁয়াকো সড়ক দিয়ে ঝঁুকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো

ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কে আট টনের বেশি মালামাল বোঝাই ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা মানছেন না কেউ। হামেশাই চলাচল করছে অতিরিক্ত মালবোঝাই ট্রাক। ফলে ভাঙছে সড়ক।
এই সড়ক দিয়ে যাতায়াত করেন উপজেলার বাগান বাজার, নারায়ণহাট, দাঁতমারা, ভুজপুর, হারুয়ালছড়ি ও হেঁয়াকো ইউনিয়নের লক্ষাধিক মানুষ। চলাচল করে যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা।
নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার বলেছেন, প্রতিদিন কয়েক শ অবৈধ বালু এবং কাঠবোঝাই গাড়ি চলাচল করায় সড়কটি বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এসব ট্রাক ১০ থেকে ১৫ টন পর্যন্ত ভারী হয়।
সরেজমিনে দেখা গেছে, ২৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন খানাখন্দে ভরা। বিশেষ করে সড়কের শান্তিরহাট এলাকায় গজারিয়া খালের ভাঙনে একাংশ বিলীন হয়ে যাচ্ছে। কিছু স্থানে গর্ত বড় হয়ে যাওয়ায় গাড়ি চলাচলের সময় সমানে উড়ছে ধুলাবালু। এ ছাড়া সড়কের নারায়ণহাট, জুজখোলা ও দাঁতমারা এলাকার তিনটি বেইলি সেতুও নড়বড়ে হয়ে পড়েছে।
উপজেলার শান্তিরহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ ইদ্রিস মিয়া (৩৮) বলেন, ২০১৪ সালে সড়কটি কার্পেটিং করা হয়েছে। কিন্তু বছর না যেতেই খারাপ হয়ে গেছে। বর্তমানে সড়কের কিছু স্থানে বিধ্বস্ত হয়ে খালে বিলীন হয়ে যাচ্ছে।
মির্জারহাটের বাসিন্দা নারায়ণ বাজারের মুদি দোকানি আলমগীর হোসেন (৩২) বলেন, ভারী যানবাহন চলাচল না করলে রাস্তাটি ঠিক থাকত। প্রতি রাতেই অবৈধ বালু ও কাঠভর্তি ট্রাক চলাচল করায় রাস্তাটির এই অবস্থা হয়েছে। তিনি অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল বন্ধের দাবি জানান।
স্থানীয় লোকজন জানান, গত বর্ষা মৌসুমে সড়কটির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে যায়। এ সময় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। সাধারণ মানুষের পাশাপাশি বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের বিদ্যালয়-কলেজে যাওয়া-আসা। এরপর থেকে সড়কটি ক্রমে ভাঙতে থাকে।
এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলার সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘আট টনের বেশি ভারী যানবাহন চলাচল না করার জন্য বিভিন্ন জায়গায় পরিচিতি ফলক দিয়েছি। এটি নিয়ন্ত্রণের দায়িত্ব ভুজপুর থানা–পুলিশের।’ নারায়ণহাট, জুজখোলা ও দাঁতমারা এলাকার তিনটি বেইলি সেতু নাজুক হয়ে পড়ার কথা স্বীকার করে তিনি বলেন, সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে একটি টেন্ডার হয়ে গেছে। শিগগির কার্যাদেশ পেলে এটি মেরামত করা হবে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লিয়াকত আলী বলেন, দিনে অতিরিক্ত মালবোঝাই গাড়ি দেখলেই আটক করা হয়। কিন্তু রাতে পুরো সড়কে টহল দেওয়া সম্ভব হয় না। তখন হয়তো অতিরিক্ত মালবোঝাই গাড়ি চলাচল করে।